যাত্রীর পায়ুপথে মিলল কোটি টাকার স্বর্ণ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা হাসান মিয়া নামে এক যাত্রীর পায়ুপথ ও অন্তর্বাসের ভেতর থেকে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের স্বর্ণের ডিম ও পেস্ট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

গতকাল রবিবার ভোরে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন ওই যাত্রী। তার শরীরে লুকানো ছিল চারটি ডিম্বাকৃতির স্বর্ণ এবং অন্তর্বাসের কাপড়ে মাখানো ছিল স্বর্ণসদৃশ পেস্ট। উদ্ধার করা বস্তুর ওজন প্রায় এক কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

এ বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বরাত দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে ঢাকায় আসা হাসানকে নজরদারিতে রাখা হয়। তল্লাশির একপর্যায়ে পায়ুপথ থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। এ ছাড়া তার অন্তর্বাসের কাপড়ে মাখানো অবস্থায় পাওয়া যায় আরও প্রায় ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট।

তিনি জানান, প্রাথমিক হিসাবে উদ্ধার করা এসব বস্তুর মোট ওজন প্রায় এক হাজার গ্রাম।