হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচার শুরু

গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগদলীয় (এখন কার্যক্রম নিষিদ্ধ) সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিচার শুরু হয়েছে। গতকাল রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচার শুরু হয়।

প্রসিকিউশন পক্ষে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এরপর প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী আনিছ আহমেদ। জবানবন্দি শেষে আগামী ২২ নভেম্বর সাক্ষীদের জেরার দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

কারাগারে থাকা পাঁচ আসামিকে এদিন ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়। তারা হলেনচট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ ১৭ আসামি এখনো পলাতক।