হাতকড়া ছাড়া আদালতে জিয়াউল আহসান

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া কারাগার থেকে আদালতে নেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও সরকারদলীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেন। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, একজন নটোরিয়াস ক্রিমিনালকে যেভাবে আদালতে নেওয়া প্রয়োজন, পরবর্তী সময়ে সেভাবেই নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন। গতকাল রবিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার চলমান। গত বৃহস্পতিবার তাকে জেরার জন্য আদালতে নেওয়ার সময় তার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ছবিতে তার অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। আর তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের দেখে মনে হয়েছে, তারা যেন তার প্রটোকলের দায়িত্ব পালন করছেন।

জবাবে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বিষয়টি নিক্তির বিচারে পয়েন্ট অব অর্ডারের পর্যায়ে পড়ে না। তবে সংসদ সদস্য একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। আইনমন্ত্রী চাইলে এর উত্তর দিতে পারেন, অথবা এ বিষয়ে নোটিস চাইতে পারেন।

আইনমন্ত্রী বলেন, বিষয়টি তারও নজরে এসেছে। তবে কারাগার থেকে আদালত পর্যন্ত আসামিকে নিয়ে যাওয়ার বিষয়টি আইনমন্ত্রীর এখতিয়ারের মধ্যে পড়ে না।