জুবাইদা রহমান বলেছেন

সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে

বর্তমান সরকারের রূপকল্পে একটি স্বাস্থ্যসম্মত ও সহানুভূতিশীল বাংলাদেশের কথা বলা হয়েছে, যেখানে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট নিশ্চিত করা গেলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও যথাযথ অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

গতকাল রবিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে তিনি একথা বলেন। বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস এ সম্মেলনের আয়োজন করে। ডা. জুবাইদা রহমান বলেন, প্রায় ২০ কোটি জনসংখ্যার বাংলাদেশে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা মাত্র ৩ হাজার। বর্তমানে প্রতি এক লাখ মানুষের বিপরীতে অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন মাত্র ০.৫৮ জন। অথচ আন্তর্জাতিক সুপারিশ অনুযায়ী, প্রতি এক লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকা প্রয়োজন। তিনি বলেন, দেশের ৬৪টি জেলা, ৫৩টি প্রশাসনিক অঞ্চল, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন এবং ৯০ হাজার ৪৯টি গ্রামে প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তীব্র সংকট রয়েছে। দীর্ঘদিনের অবহেলার কারণে হাজার হাজার মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছেন।