সূর্যদেবতার আরাধনায় পুনর্ভবা তীরে হাজারো মানুষের ঢল

দিনাজপুরে পুনর্ভবা নদীর তীরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে ছট পূজা। সূর্যাস্ত ও সূর্যোদয়কে কেন্দ্র করে দুই দিনব্যাপী এ পূজায় নদীর তীরে সমবেত হন হাজারো পুণ্যার্থী। প্রতি বছর কালীপূজার পর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সূর্যদেবতাকে সন্তুষ্ট করতে এ পূজার আয়োজন করা হয়। দিনাজপুরের পুনর্ভবা নদীর সাধুর ঘাট, ফুলবাড়ী উপজেলার ছোট যমুনা নদীর তীরসহ জেলার ১৯টি নদীর তীরে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। মনোবাসনা পূরণ, আপদ-বিপদ থেকে মুক্তি এবং বিভিন্ন মানত পূরণের আশায় হিন্দু ধর্মাবলম্বীদের হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের সমাগম ঘটে নদীতীরে। পুণ্যার্থীদের পদচারণায় নদীর তীর হয়ে ওঠে মুখর। সৃষ্টি হয় এক অনন্য মিলনমেলার।

গতকাল রবিবার ছিল ছট পূজার প্রথম দিন। সূর্যাস্তের আগে থেকেই উপবাস পালন করে ফুল, ফল, প্রসাদ, নিয়ে পুণ্যার্থীরা সমবেত হন দিনাজপুর শহরের কাঞ্চন সেতুসংলগ্ন পুনর্ভবা নদীর সাধুর ঘাটে। সূর্যাস্তের ঠিক আগে নদীতে স্নান সেরে হাঁটুপানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে কুলায় সাজানো প্রসাদ নিয়ে শুরু করেন পূজা-অর্চনা। সূর্য ডোবার পর ধর্মীয় আচার শেষে তারা বাড়ি ফিরে যান।