অপতথ্য প্রতিরোধে চাই সম্মিলিত উদ্যোগ

অপতথ্য প্রতিরোধ এখন শুধু একার কারও কাজ নয় সরকার থেকে শুরু করে গণমাধ্যম এবং সাধারণ জনগণকেও এর বিরুদ্ধে সম্মিলিতভাবে দাঁড়াতে হবে। সবার সম্মিলিত চেষ্টাতেই ছিন্ন করা যাবে অপতথ্যের জাল। গতকাল রবিবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘ডেটাফুল’ আয়োজিত ‘অপতথ্যের জাল ছিঁড়ে’ প্রতিপাদ্যে ‘তথ্যের অখন্ডতা সম্মেলন ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এ কথা বলেন। সকালে সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। এ সময় তিনি বলেন, ‘তথ্য অধিকারই মানবাধিকার।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেশ রূপান্তর সম্পাদক মুস্তাফিজ শফি, দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক শাহরিয়ার করিম, গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য জিমি আমির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেটাফুলের নির্বাহী পরিচালক পলাশ দত্ত। সম্মেলনে তথ্যের অখন্ডতা রক্ষা, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার প্রতিরোধ এবং এ বিষয়ে অংশীজনের করণীয় নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্যের অখন্ডতা রক্ষা করা বর্তমান ডিজিটাল যুগের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সত্য, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের পার্থক্য নিরূপণ করা কঠিন। তথ্যের ঘাটতি, তথ্য গোপন করার প্রবণতা এবং নির্ভরযোগ্য তথ্যের সহজলভ্যতার অভাব অনেক সময় অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার সুযোগ সৃষ্টি করে উল্লেখ করে নাহরিন ইসলাম খান বলেন, অপতথ্যের বিস্তার রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ‘তথ্যের অখন্ডতা রক্ষা করা বর্তমান ডিজিটাল যুগের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সামাজিক মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত বিস্তারের ফলে মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ তথ্য ছড়িয়ে পড়ছে। এর মধ্যে সত্য, মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের পার্থক্য নিরূপণ করা সাধারণ মানুষের জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে। ফলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নানা ধরনের বিভ্রান্তি ও নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে পারে।’

মুস্তাফিজ শফি বলেন, অপতথ্য প্রতিরোধে এই সময়ে সাংবাদিকদের শুধু গেটকিপারের কাজ করলেই চলবে না, তাদের ‘ট্রাস্টকিপার’-এর দায়িত্বও পালন করতে হবে। তিনি বলেন, আমরা এমন একসময়ে বসবাস করছি, যখন একটি মেশিন সেকেন্ডের মধ্যে একটি সংবাদ লিখতে পারে। একটি ছবি তৈরি করতে পারে। একটি ভিডিও বানাতে পারে। মানুষের কণ্ঠও নকল করতে পারে। এমনকি যা কখনো ঘটেনি এমন সাক্ষাৎকারও তৈরি করতে পারে। বর্তমান ডিজিটাল সময়টা এমন যখন অসংখ্য অপতথ্য ছড়িয়ে যাচ্ছে মাত্র কয়েক সেকেন্ডে। ফলে এ সময়ে তথ্য যাচাইয়ের কাজটিও আরও গভীরভাবে করতে হবে।

শাহরিয়ার করিম বলেন, অপতথ্য প্রতিরোধে তথ্যের অবাধপ্রবাহ নিশ্চিত করার বিকল্প নেই।

ডেটা সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্মুক্ত উপাত্ত ও তথ্য যাচাইয়ের বাংলাদেশি প্রতিষ্ঠান ডেটাফুলের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই আয়োজনের সেশন সহযোগী ছিল ডয়েচেভেলে একাডেমি, ফ্রি প্রেস আনলিমিটেড, ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট, টেক গ্লোবাল ইনস্টিটিউট ও ভয়েস। সম্মেলনটির মিডিয়া সহযোগী ছিল বিডিনিউজটয়েন্টিফোরডটকম। সম্মেলনের মোট ছয়টি সেশনের প্রথম সেশনের বিষয় ছিল ‘অপতথ্যের যুগে নির্বাচনী রাজনীতি’। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ আবিদুর রাজ্জাক খান ছিলেন এই সেশনের সঞ্চালক। ‘জেনজির চোখে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অপতথ্য’ শিরোনামে দ্বিতীয় সেশনটি সঞ্চালনা করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য ও ডয়েচেভেলে একাডেমির প্রকল্প ব্যবস্থাপক জিমি আমির। তৃতীয় সেশনের বিষয় ছিল ‘তথ্যভিত্তিক আক্রমণ যখন লিঙ্গভিত্তিক আক্রমণ’। এ আয়োজনটি সঞ্চালনা করেন ভয়েসের উপ-পরিচালক মুশাররাত মাহেরা। সম্মেলনের চতুর্থ সেশনের বিষয় ছিল ‘মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ না করে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ’। সঞ্চালনায় ছিলেন টেক গ্লোবাল ইনস্টিটিউটের বাংলাদেশ প্রধান ফৌজিয়া আফরোজ। তথ্য অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান একসঙ্গে কীভাবে কাজ করতে পারে তা উঠে আসে সম্মেলনের পঞ্চম সেশনে। ‘অপতথ্য, সাংবাদিকের নিরাপত্তা ও প্রকাশের অধিকার’ শিরেনামে এই সেশনটি সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্টের বাংলাদেশ প্রকল্প ব্যবস্থাপক শাখাওয়াত হোসাইন। সাংবাদিকতা ও গণমাধ্যমের সমসাময়িক বাস্তবতার সঙ্গে কৃত্রিম ভূমিকা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয় সম্মেলনেটির শেষ সেশনে। সাংবাদিক গাজী নাসিরউদ্দিন আহমেদ ছিলেন এই সেশনের সঞ্চালক।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের তথ্য কমিশনার মাহফুজুর রহমান। তিনি বলেন, তথ্য অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ তথ্য কমিশন আরও অগ্রণী ভূমিকা পালন করবে। সম্মেলনটি সঞ্চালনা করেন আশফাকুর রহমান।