বন্ধু বানানোর সম্পর্কে নির্দেশনা

বন্ধুত্ব একটি চমৎকার সম্পর্ক। তারপরও স্বার্থজনিত নানা কারণে বহু মানুষ বন্ধুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, বন্ধুর কারণে নানাবিধ পাপাচার-অনাচারে জড়িয়ে যায়। যা কোনোভাবেই কাম্য নয়। তবে বন্ধুত্বের ক্ষেত্রে ইসলাম বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছে।

ইসলাম মনে করে, বন্ধুত্ব হতে হবে আল্লাহর ওয়াস্তে। অর্থাৎ একজনকে ভালোবাসবে শুধু এই জন্য যে আল্লাহ তাকে ভালোবাসেন, অথবা তাকে ভালোবাসলে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব হবে। তার সঙ্গে বন্ধুত্ব রাখলে আল্লাহ-রাসুল, কোরআন-হাদিস ও দ্বীন বিষয়ে বহু কিছু জানা যাবে। তার সংসর্গে ইবাদত-বন্দেগি সঠিক ও সহজ হবে, তার পরিবেশে মিশে নিজের পরিবেশ সেভাবে গড়া সহজ হবে। এ সবই হলো বন্ধুত্বের মহান উদ্দেশ্য। এমন সৎ উদ্দেশ্যের রয়েছে বিশাল মর্যাদা।

আল্লাহর ওয়াস্তে বন্ধুত্বের মধ্যে ইমানের পরিপূর্ণতা, মিষ্টতা ও প্রকৃত স্বাদ অনুভূত হয়।

এ প্রসঙ্গে হাদিসে হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে কাউকে ভালোবাসে, আল্লাহর ওয়াস্তে কাউকে ঘৃণা করে, আল্লাহর ওয়াস্তে কিছু দান করে এবং আল্লাহর ওয়াস্তেই কিছু দান করা থেকে বিরত থাকে, সে পূর্ণাঙ্গ ইমানের অধিকারী।’ আবু দাউদ : ৩৯১০

আরেক হাদিসে ইরশাদ হয়েছে, ‘তিনটি গুণ যার মধ্যে বিদ্যমান, সে ইমানের মিষ্টতা লাভ করেছে। সব বিষয়, বস্তু ও ব্যক্তির চেয়ে আল্লাহ ও রাসুলকে অধিক ভালোবাসা, কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কাউকে ভালোবাসা এবং কুফরি থেকে বাঁচার (ইমান আনার পর) পর পুনরায় তাতে (ইসলাম ত্যাগ করা) ফিরে যাওয়াকে এমন অপছন্দ করা, যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করা হয়।’ সহিহ্ বোখারি: ১৬

হাদিসে আরও ইরশাদ হয়েছে, ‘সাত ব্যক্তিকে আল্লাহ সেদিন (কিয়ামতের দিন) তার আরশের ছায়া দান করবেন, যেদিন তার ওই ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না; এর মধ্যে সেই দুই ব্যক্তি, যারা আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব স্থাপন করে এবং এই বন্ধুত্বের ওপরেই তারা মিলিত হয় ও তারই ওপর চির বিচ্ছিন্ন (মৃত্যুবরণ করে) হয়।’ সহিহ্ বোখারি: ৬৬০

বন্ধুত্ব প্রসঙ্গে হাদিসে প্রচুর বর্ণনা রয়েছে। ওই সব হাদিসে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে, পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্ব কোনোভাবেই স্বার্থ সিদ্ধি, অর্থ লাভ ও খ্যাতি কামাই ইত্যাদির জন্য হতে পারবে না। এ বিষয়ে নবী কারিম (সা.) আমাদের সতর্ক করে বলেছেন, ‘মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। অতএব তোমাদের প্রত্যেকের বিবেচনা করে দেখা উচিত, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে।’ তিরমিজি : ২৩৭৮

সহজাত প্রবৃত্তি হলো বন্ধু বন্ধুর কথা মতো চলে, তার চরিত্র বন্ধুর মতো গড়ে ওঠে। অতএব বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন জরুরি, যাতে বন্ধুত্বের আসল উদ্দেশ্য ব্যর্থ না হয়। জ্ঞানীরা বলেন, তিনটি বিষয় সামনে রেখে বন্ধুত্ব করা দরকার।

এক. জ্ঞানবান হওয়া। কারণ জ্ঞানী বন্ধু এক নেয়ামত। যার কাছে সংকটময় মুহূর্তে সুপরামর্শ পাওয়া যায়। যে স্পর্শকাতর সময়ে সঠিক পথনির্দেশ করে দুশ্চিন্তা দূর করে দেয়। পড়াশোনার ক্ষেত্রে অধিক ফল লাভ করা সম্ভব হয়। এমন বন্ধুর বন্ধুত্বে ধোঁকাবাজির ভয় থাকে না, ভয় থাকে না কোথাও অপমানিত হওয়ার। জ্ঞানীর সংস্পর্শে থাকলে হৃদয় জাগ্রত থাকে। জ্ঞানীর পরশে নিজেকেও জ্ঞানী করে তোলা যায়।

আবদুল্লাহ বিন তাউস বলেন, একবার আমার আব্বা বললেন, ‘বেটা! জ্ঞানীদের সাহচর্য গ্রহণ করো। তাদের সঙ্গে তোমাকে সম্পৃক্ত করা হবে যদিও প্রকৃতপক্ষে তুমি তাদের দলভুক্ত নও (নিজে তাদের মতো জ্ঞানী নও)। আর মুর্খদের সাহচর্য গ্রহণ করো না। কারণ, তাদের সঙ্গে তোমাকে সম্পৃক্ত করা হবে, যদিও আসলে তুমি তাদের দলভুক্ত নও (তুমি মুর্খ নও)। জেনে রেখো, প্রত্যেক জিনিসের একটা শেষ সীমা আছে। মানুষের বাসনার শেষ সীমা হলো জ্ঞান লাভ।’ অফিয়াতুল আইয়ান : ২/৫১১

দুই. বন্ধুকে দ্বীনদার হতে হবে। কারণ, দ্বীন মানুষের এমন এক সম্পদ-যা মানুষকে সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তোলে। দ্বীন হলো- জ্ঞান, যা মন ও দেহের খোরাক। দ্বীন একটি প্রতিষেধক, যা অন্তরের ব্যাধি, মনের কালিমা থেকে শুরু করে সব অন্যায় ও অসৎ-আচরণকে দূর করে। দ্বীন রক্ষা করে আল্লাহর গজব ও দোজখের আজাব থেকে।

যার দ্বীন নেই, সে মৃত। এমন মানুষের জীবনের কোনো পরিকল্পনা নেই; আশা নেই, নির্দিষ্ট গন্তব্যস্থল নেই। যার নিজেরই লক্ষ্য নেই, তার ওপর আস্থা রাখা যায় না, কোনো ভরসা করা যায় না। বলা হয়, সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ।

আল্লাহতায়ালা তার নবী (সা.) কে সম্বোধন করে আদেশ দিয়েছেন, ‘তুমি নিজেকে তাদের দলভুক্ত করবে, যারা সকাল-সন্ধ্যায় নিজেদের প্রতিপালককে আহ্বান করে তার সন্তুষ্টি লাভের জন্য, আর পার্থিব জীবনের সুখ-সৌন্দর্য কামনা করে তাদের থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিয়ো না। পক্ষান্তরে তার অনুসরণ করো না, যার হৃদয়কে আমি আমার স্মরণে অমনোযোগী করেছি, যে তার আপন খেয়াল-খুশির অনুসরণ করে এবং যার কার্যকলাপ সীমা অতিক্রম করে যায়।সুরা কাহফ : ২৮

তিন. বন্ধুকে চরিত্রবান হতে হবে। কারও সঙ্গে বন্ধুত্ব গড়ার পূর্বে তার চরিত্র বিচার করে দেখতে হবে। কারণ, সৎ চরিত্র এক অমূল্য ধন। যার চরিত্র নেই, সে নিঃস্ব। সে বাহ্যিকভাবে যত সুন্দর ও সভ্য হোক না কেন, প্রকৃতপক্ষে সে অন্তঃসারশূন্য।

কারও সঙ্গে না মিশলে মানুষের আসল রূপ ধরা যায় না। আর্থিক লেনদেন, ব্যবসা-বাণিজ্য, ঋণ আদান-প্রদান, প্রতিবেশ, বৈবাহিক সম্পর্ক ইত্যাদির মাধ্যমে মানুষের আসল পরিচয় পাওয়া যায়। আর তখনই হয় আসল বন্ধুর অগ্নিপরীক্ষা। অবশ্য এ কথা স্বীকার করতেই হবে যে, কোনো বন্ধুই শতভাগ উত্তীর্ণ নয়। কোনো না কোনো ত্রুটি থাকতেই পারে। তাছাড়া সবার মনও সমান নয়। প্রকৃতিগত পার্থক্য থাকাটাই স্বাভাবিক।