গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে চেক প্রজাতন্ত্রে লাখো মানুষের বিক্ষোভ

চেক প্রজাতন্ত্রে সরকারি সম্প্রচারমাধ্যমের অর্থায়ন পদ্ধতি পরিবর্তনের প্রতিবাদে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। রাজধানী প্রাগের লেতনা স্কয়ারে আয়োজিত এ সমাবেশে সরকারের প্রস্তাবিত বিল প্রত্যাহারের দাবি জানান বিক্ষোভকারীরা। খবর আনাদোলু এজেন্সি। 

রেডিও প্রাগ ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, ‘ওয়ান মিলিয়ন মোমেন্টস ফর ডেমোক্রেসি’ নামের একটি বেসরকারি সংস্থার আহ্বানে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশের নেতৃত্বাধীন সরকারের প্রস্তাবিত নতুন বিধান অনুযায়ী, দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চেক টেলিভিশন (সিটি) ও চেক রেডিওর (সিআরও) অর্থায়ন নাগরিকদের কাছ থেকে নেওয়া বর্তমান লাইসেন্স ফি বা সাবস্ক্রিপশন ফি’র পরিবর্তে সরাসরি রাষ্ট্রীয় বাজেট থেকে করা হবে।

বিক্ষোভকারীদের আশঙ্কা, সরকারের নিয়ন্ত্রণাধীন বাজেট থেকে অর্থায়ন করা হলে গণমাধ্যম দুটির স্বাধীনতা ও নিরপেক্ষতা হুমকির মুখে পড়তে পারে। এ কারণে তাঁরা প্রস্তাবিত বিল প্রত্যাহারের দাবি জানান।

বিক্ষোভের আয়োজক সংগঠনের প্রধান মিকুলাস মিনার অভিযোগ করেন, পর্যাপ্ত আলোচনা ও বিতর্কের সুযোগ না দিয়েই সরকার গুরুত্বপূর্ণ আইন দ্রুত পাস করানোর চেষ্টা করছে।

তিনি প্রস্তাবিত বিল প্রত্যাহার করে সরকারি সম্প্রচারমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে অর্থবহ সংলাপ শুরুর আহ্বান জানান। পাশাপাশি পার্লামেন্টের স্পিকার টমিও ওকামুরার অপসারণ এবং কট্টর ডানপন্থী দল ফ্রিডম অ্যান্ড ডাইরেক্ট ডেমোক্রেসি (এসপিডি) পার্টিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার দাবিও তোলেন তিনি।

বিক্ষোভকারীদের হাতে ‘গণমাধ্যম থেকে হাত সরাও’ এবং ‘আমরা স্লোভাকিয়ার পরিস্থিতি চাই না’ লেখা ব্যানার দেখা যায়। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে প্রাগের মেট্রোরেল চলাচলেও বিঘ্ন ঘটে। অতিরিক্ত ভিড়ের কারণে কয়েকটি স্টেশনে যাত্রীদের প্রবেশ সীমিত করা হয়েছে বলে জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী বাবিশের নেতৃত্বাধীন জোট সরকারের তৈরি করা প্রস্তাবিত বিলে সরকারি সম্প্রচারমাধ্যমগুলোর অর্থায়ন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের কথা বলা হয়েছে। বর্তমানে নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া ফি’র পরিবর্তে সরাসরি রাষ্ট্রীয় বাজেট থেকে তাদের অর্থ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

প্রস্তাবটি কার্যকর হলে সরকারি সম্প্রচারমাধ্যমগুলোর জন্য বরাদ্দ বর্তমানের তুলনায় প্রায় ১৫ শতাংশ কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিলটির বিরোধীদের আশঙ্কা, সরকারের নিয়ন্ত্রণাধীন বাজেটের ওপর অর্থায়ন নির্ভরশীল হয়ে পড়লে সম্প্রচারমাধ্যমগুলোর ওপর রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে। পাশাপাশি অর্থ বরাদ্দ কমে যাওয়ায় কর্মী ছাঁটাই এবং বিভিন্ন অনুষ্ঠান ও সংবাদ কার্যক্রম বন্ধ হওয়ার ঝুঁকিও রয়েছে।

তবে প্রধানমন্ত্রী বাবিশ এসব সমালোচনা নাকচ করে দিয়েছেন। তাঁর দাবি, নতুন অর্থায়ন পদ্ধতির কারণে সংবাদমাধ্যমের স্বাধীনতা কিংবা সরকারি সম্প্রচারমাধ্যমগুলোর স্বায়ত্তশাসন ক্ষতিগ্রস্ত হবে না।

গত ২৪ অক্টোবর পার্লামেন্টে বিলটি প্রথম ধাপের অনুমোদন পাওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে ৩ নভেম্বর ধর্মঘট পালন করেন সরকারি সম্প্রচারমাধ্যমের কর্মীরাও।

ধর্মঘটে সমর্থন জানায় বিভিন্ন শ্রমিক সংগঠন, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়, শিল্পী এবং নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন।