চেক প্রজাতন্ত্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১৫

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৯:০১ এএম

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ২০ জন।

দেশটির পুলিশপ্রধান মার্টিন ভনড্রেসেকের বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এ খবর জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। নিহতদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারী চার্লস ইউনিভার্সিটির বিশ্ব ইতিহাস বিভাগের শিক্ষার্থী। অন্যদের হত্যা করে তিনি আত্মহত্যা করেন বলে জানানো হয়।

জানা গেছে, ২৪ বছর বয়সী ওই শিক্ষার্থী প্রথমে তার বাবাকে হত্যা করেন। যিনি তার পরিবার নিয়ে ক্লান্ডো শহরের নিকটবর্তী একটি গ্রামে থাকতেন। তবে নিরাপত্তার কারণে পুলিশ তার নাম জানায়নি। ওই যুবক 'আন্তর্জাতিক সন্ত্রাসবাদিতা' থেকে 'প্রেরণা' নিয়ে এই হত্যাকাণ্ড চালায় বলে মনে করছে চেক পুলিশ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের বিভিন্ন শ্রেণিকক্ষে তালাবদ্ধ করে রেখেছিল। ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে সবাইকে শান্ত ও সংযত থাকার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি নিহতদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছে।
সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত