কাশিমপুর কারাগারে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাইসিকিরিটি কেন্দ্রীয় কারাগারে ডাবল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কাশিমপুর হাইসিকিরিটি কারাগারের হিমেল ভবনের নিচতলার সেল থেকে মৃত্যদণ্ডপ্রাপ্ত ওই কয়েদির মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন। কয়েদি মো. ফরহাদ (৪১) টাঙ্গাইল জেলার সদর থানার শালিনাপাড়া গ্রামে মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন জানান, রবিবার যথাসময়ে কারাগারের কয়েদির গননা করে লকার করা হয়। কারাগারের হিমেল ভবনের নীচতলার টাঙ্গাইলের এক নারী ও এক পুরুষ হত্যা মামলার আসামি অর্থাৎ ডাবল হত্যা মামলার ডাবল মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ফরহাদ তার দুই কেস পার্টনারসহ তিনজন বন্দি সেখানে ছিলেন।

ওইদিন দিবাগত রাতে তাকে সেলের জানালার মধ্যে গামছা দিয়ে ফাঁস লাগানো দেখতে পায় তার দুই কেস পার্টনার। খবর পেয়ে কারাগারের কর্মকর্তারা ওই অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইতোমধ্যে স্বজনরা এসেছেন। মরদেহের সুরতহাল করা হয়েছে, ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, ২০১৯ সালের ২৬ আগস্ট কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিরিটি কারাগারে আসে। তার বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানার দুটি মামলায় ডাবল মৃত্যুদন্ড প্রাপ্ত কয়েদি হিসেবে কারাগারে ছিল। সে প্রায় বছরখানিক ধরে তীব্র মাথাব্যথা, দৃষ্টি জনিত বিভ্রম সমস্যাসহ কয়েকটি রোগে ভুগছিল। এর আগেও ফরহাদ একাধিকবার কারা হাসপাতালের অধীনে চিকিৎসা নিয়েছিল।