হাম উপসর্গে একদিনে ৪ মৃত্যু, আক্রান্ত ১৬৮২

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একদিনে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৬৮২ জনের শরীরে। 

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ সোমবার পর্যন্ত হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮ জনে।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। বাকি ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত এক দিনে নতুন করে ১৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৪৪২ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫০৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৫৬৯।

গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।