হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গ্যাস অনুসন্ধানে সিসমিক জরিপ চালাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এ জরিপের অংশ হিসেবে ভূগর্ভে কৃত্রিম কম্পন সৃষ্টি করা হচ্ছে। এতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়িঘর কেঁপে উঠছে। হঠাৎ এমন কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে ভূমিকম্পের আতঙ্ক।
স্থানীয়দের অভিযোগ, তেলিয়াপাড়া, সুরমা চা বাগান ও তেলিয়াপাড়া চা বাগানসহ আশপাশের এলাকায় প্রতিদিন ১০ থেকে ১৫ বার এ ধরনের কম্পন অনুভূত হচ্ছে। হঠাৎ বাড়িঘর কেঁপে উঠলে অনেকেই ভূমিকম্প হচ্ছে ভেবে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসছেন। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন। কোথাও কোথাও আতঙ্কে ছোটাছুটি ও চিৎকার-চেঁচামেচির ঘটনাও ঘটছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জাতীয় সম্পদ গ্যাস অনুসন্ধানে তাঁদের কোনো আপত্তি নেই। বরং এ কাজে তাঁরা সহযোগিতা করতে প্রস্তুত। তবে এ ধরনের কার্যক্রম শুরুর আগে সংশ্লিষ্ট এলাকার মানুষকে যথাযথভাবে অবহিত করা এবং কৃত্রিম কম্পনের কারণ ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত জানানো প্রয়োজন ছিল। পর্যাপ্ত প্রচার-প্রচারণার অভাবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা অসীম রায় বলেন, ‘গ্যাস আমাদের জাতীয় সম্পদ। গ্যাস অনুসন্ধানের কাজে এলাকাবাসীর কোনো আপত্তি নেই। বরং এ কাজে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু সিসমিক জরিপের অংশ হিসেবে ভূগর্ভে কৃত্রিম কম্পন সৃষ্টি করায় বাড়িঘর কেঁপে ওঠে। এতে মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন। এ কার্যক্রম শুরুর আগে কর্তৃপক্ষের পক্ষ থেকে এলাকাবাসীকে অবহিত করা হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। তাই বাপেক্স কর্তৃপক্ষের উচিত, এ কার্যক্রম সম্পর্কে পর্যাপ্ত প্রচার-প্রচারণা চালানো এবং সাধারণ মানুষকে সচেতন করা।’
সুরমা চা বাগানের ৮ নম্বর এলাকার বাসিন্দা আজাদ মিয়া বলেন, ‘প্রতিদিন ১০ থেকে ১৫ বার সিসমিক জরিপের কারণে বাড়িঘর ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। হঠাৎ এমন কম্পন অনুভূত হলে আমরা ভূমিকম্প হচ্ছে ভেবে আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসি। এ ধরনের কার্যক্রম শুরুর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ছিল এলাকাবাসীকে বিষয়টি জানানো। আগে থেকে জানানো হলে মানুষের মধ্যে এমন আতঙ্ক তৈরি হতো না।’
এ বিষয়ে বাপেক্সের ২-ডি সিসমিক জরিপের সমন্বয়ক মোস্তফা কামাল বলেন, ‘হ্যান্ডবিল বিতরণ ও মাইকিং করে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। সিসমিক জরিপের অংশ হিসেবে কৃত্রিম ভূকম্পন সৃষ্টি করা হলেও ৮০ মিটার দূরত্বে থাকা বাড়িঘরের কোনো ক্ষতি হয় না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বাপেক্সের জনসংযোগ কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘সিসমিক জরিপে কৃত্রিম ভূকম্পন সৃষ্টি সম্পর্কে হ্যান্ডবিল বিতরণ ও মাইকিং করা হয়েছে। তবে সাধারণ মানুষকে তেমন সচেতন করা সম্ভব হয়নি। আগামী এক-দুই দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি হাসান বলেন, ‘এ বিষয়ে কয়েক দিন আগে বাপেক্সের সংশ্লিষ্ট ডিজিএমের সঙ্গে কথা বলেছি। ওই এলাকার একজন বাসিন্দা কৃত্রিম ভূকম্পন সৃষ্টি নিয়ে আমার কাছে অভিযোগ করেছিলেন। এ ধরনের কার্যক্রম শুরুর অন্তত এক দিন আগে স্থানীয় বাসিন্দাদের মাইকিং কিংবা মসজিদের মাইকের মাধ্যমে জানানো প্রয়োজন, যাতে তাঁরা আগে থেকেই বিষয়টি সম্পর্কে অবগত থাকতে পারেন। এ বিষয়ে বাপেক্স কর্তৃপক্ষের সঙ্গে আবারও কথা বলব।’