‘টাকার লোভে বই লিখিনি,' দাবি উসমান খাজার

উসমান খাজার আত্মজীবনীমূলক বই ‘সবর’ এ ২০১৮ সালের ‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’ নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশের পর অস্ট্রেলিয়ান ক্রিকেটে শুরু হওয়া তীব্র অস্থিরতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। চলমান এই বিতর্কে এবার মুখ খুলেছেন ওই বিতর্কিত দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলের প্রধান কোচের দায়িত্বে থাকা ড্যারেন লেম্যান। পুরোনো এই ক্ষত আর না খুঁচিয়ে সবাইকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে, সোমবার প্রকাশিত নতুন এক পডকাস্টে খাজা সাফ জানিয়ে দিয়েছেন, সত্য প্রকাশের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে সম্পর্ক নষ্ট হলেও তা তার কাছে ‘খুব সামান্য মূল্য’।

২০১৮ সালের কেপটাউন কেলেঙ্কারির পর ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে লেম্যান নির্দোষ প্রমাণিত হলেও নৈতিক দায় নিয়ে চতুর্থ ও শেষ টেস্টের পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। সোমবার চলমান বিতর্ক নিয়ে লেম্যান বলেন, ‘সংশ্লিষ্ট সবার জন্যই এটি একটি কঠিন সপ্তাহ ছিল। দিনশেষে এ থেকে দারুণ কিছু বা কারও জন্য ভালো কোনো ফল আসছে না। তাই যতটা সম্ভব সেরা উপায়ে সবকিছু ভুলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করাই শ্রেয়।’

সোমবার অ্যান্টোয়েনেট ল্যাটুফের পডকাস্টে খাজা পুনরায় দাবি করেন, ২০১৮ সালের বল বিকৃতির পরিকল্পনার কথা দলের সবাই জানতেন। বই প্রকাশের জেরে ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে একঘরে করে দিতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ৩৯ বছর বয়সী সাবেক এই ওপেনার জানান, কয়েক মাস আগে সিএ-র প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের সঙ্গে তার কথা হয়েছিল, যদিও বইয়ের নির্দিষ্ট বিষয়বস্তু তিনি জানাননি। খাজা বলেন, ‘টড গ্রিনবার্গের সঙ্গে আমার এখনো খুব ভালো সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে সেই সম্পর্ক কোথায় দাঁড়াবে তা জানি না। তবে আমি যা করেছি, তার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া যদি কোনো কারণে আমাকে আর না চায়, তবে আমার মনে হয় এটি খুব সামান্যই একটি মূল্য।’

বই বিক্রির বাড়তি মুনাফা বা বাণিজ্যিক স্বার্থে পুরোনো এই বিতর্ক সামনে আনা হয়েছে—এমন অভিযোগ উড়িয়ে দিয়ে খাজা বলেন, ‘আমি সৃষ্টিকর্তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ, তিনি আমাকে অনেক কিছু দিয়েছেন। আমার আর বাড়তি কোনো টাকার প্রয়োজন নেই। জীবনে আরও কিছু টাকা এলে তাতে আমার জীবনযাত্রায় আর কোনো পরিবর্তন আসবে না।’

বইয়ে খাজা কী লিখছেন, সে বিষয়ে ডেভিড ওয়ার্নারের কোনো প্ররোচনা বা যোগসাজশ ছিল না বলেও স্পষ্ট করেন খাজা। ২০২০ সালে ওয়ার্নারকে সত্য প্রকাশের প্রতিশ্রুতি দিলেও বই প্রকাশের মাত্র কয়েক সপ্তাহ আগে অধ্যায়টি তাকে দেখিয়েছিলেন বলে জানান তিনি। তবে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর ওই সময়ের অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে বইয়ের বিষয়টি নিয়ে কথা বলাটা বেশ ‘অস্বস্তিকর’ ছিল বলে স্বীকার করেন খাজা।

এদিকে, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক খাজার দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার ৭০ মিনিটের এক নজিরবিহীন সংবাদ সম্মেলনে কামিন্স খাজাকে মানুষের জীবন নিয়ে ‘হালকা মন্তব্য’ করার অভিযোগে অভিযুক্ত করেন এবং জানান, কেপটাউন টেস্টে ব্যানক্রফট ক্যামেরায় ধরা পড়ার আগে তিনি বল বিকৃতির বিষয়ে কিছুই জানতেন না। তবে রোববার সাবেক পেসার চ্যাড সেয়ার্স খাজার দাবিকে সমর্থন করে জানান, কেপটাউনের আগের টেস্টেই (পোর্ট এলিজাবেথ/কেবেরহা) তিনি নিজে মাঠ থেকে শিরীষ কাগজ বাইরে নিয়ে এসেছিলেন এবং দলের সবাই এই পরিকল্পনার কথা জানতেন বলেই তার বিশ্বাস।

ডেভিড ওয়ার্নারও খাজার বক্তব্যকে ‘শতভাগ সঠিক’ আখ্যা দিয়ে ২০১৮ সালের সিএ-র তদন্তকে ‘তাড়াহুড়ো ও ত্রুটিপূর্ণ’ এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা বলে অভিযুক্ত করেছেন। তবে বিভিন্ন খেলোয়াড়ের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে নতুন করে আর কোনো তদন্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

নিজের অবস্থানে অনড় থেকে খাজা বলেন, ‘আমি কারও নাম ধরে দোষারোপ করতে আসিনি। আমরা দল হিসেবে জিতি, দল হিসেবে হারি এবং ঝুঁকিও নিই দল হিসেবে। আমি মনে করি, সম্মিলিতভাবে দায় নেওয়ার সেই সুযোগটি কাজে লাগালে আমরা চিরতরে এই অধ্যায় পেছনে ফেলে সামনে এগোতে পারব।’