২২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ তাওহীদ হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরি জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ৪০০ রান করেছে। অতীত পরিসংখ্যান মাথা রেখে বলা যায় বাংলাদেশ এই ম্যাচে হারবে না।
কারণ, ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে কোনো দল কখনো হারেনি কোনো। ৭ বার ড্র হয়েছে, ১২ বার জয় এসেছে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করার পর।
সর্বশেষ ২০২০ সালে প্রথম ইনিংসে ঠিক ৪০০ রান করেছিলে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে তারা করে ২৪৮। এবং দক্ষিণ আফ্রিকা দুই ইনিংসে ১৮৩ ও ২৭৪ রানে গুটিয়ে দিয়ে ১৯১ রানে ম্যাচ জেতে।
আজকের বাংলাদেশের ব্যাটিং
আগের দিনের ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে আজ সকালে খেলতে নেমেছিলেন ৯২ রানে অপরাজিত লিটন দাস। তার সঙ্গে যোগ দেন মেহেদী হাসান মিরাজ। দিনের শুরুতেই তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়ে যান লিটন দাস। মার্কো ইয়ানসেনের বলে ঠিকঠাক পুল করতে পারেননি লিটন। তবে ভাগ্য ভালো তার, ব্যাটের কানায় লেগে লং লেগ দিয়ে ছক্কা পেয়ে যান তিনি। ৯৮ বল থেকে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। দক্ষিণ আফ্রিকার মাটিতে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি তার প্রথম সেঞ্চুরি। এবং গত চার টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি তার।
সেঞ্চুরি উদযাপনে পকেট থেকে একটি কাগজ বের করে উচিয়ে ধরেন লিটন। সেখানে লেখা ছিল, 'শুভ জন্মদিন, আমার রাজকন্যা। এই সেঞ্চুরি তোমার জন্য।'
লিটন সেঞ্চুরি করলেও মিরাজ তাকে সঙ্গ দিতে পারেননি বেশিক্ষণ। বোলিংয়ে পরিবর্তন এনেই সাফল্য পেলেন টেম্বা বাভুমা। ডেন প্যাটারসনের অনেক বাইরের বল ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ তুলে দিয়ে ১০ রানে আউট হন মিরাজ। ভাঙে ৪৩ বল স্থায়ী ৩২ রানের জুটি। ৯১.১ ওভারে বাংলাদেশের স্কোর তখন ৩৫৯/৭।
এর ১১ রান পর লিটন নিজেও আউট হয়ে যান। মুল্ডারের শর্ট বলে পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ তুলে দেন তিনি। প্রায় পাচ ঘণ্টায় ১৭৯ বল খেলে ১৪ বাউন্ডারি আর এক ছক্কায় ১২০ রান করে যান লিটন।
এরপর হাসান মাহমুদ আর তাসকিন আহমেদের দৃঢ়তায় ৪০০ রান ছোয় বাংলাদেশের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৩২৭/৬) ১০১.২ ওভারে ৪০০ (লিটন ১২০, মিরাজ ১০, হাসান ১৬, তাসকিন ১৭, এবাদত ১*; রাবাদা ২২-৪-৭০-৫, ইয়ানসেন ২৫-৩-৮৩-১, প্যাটারসন ২২.২-৭-৯২-৪, মুল্ডার ১৫-০-৫৩-০, হার্মার ১৬-০-৮৩, মার্করাম ১-০-১-০)