রাসমণি ঘাটে আগুন, পুড়েছে জেলেদের ঝুপড়ি ঘর 

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীর রাসমণি ঘাট এলাকায় জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জেলেদের প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঘাট এলাকার একটি ঝুপড়ি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিকেল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন দেশ রূপান্তরকে বলেন, আগুনে ঘাট এলাকায় জেলেদের ছোট ছোট অনেকগুলো ঝুপড়ি ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।