চন্দনাইশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দকৃত ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জীবনমান উন্নয়নের লক্ষে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় চট্টগ্রামের চন্দনাইশে দূর্গম পাহাড়ি এলাকা  ধোপাছড়ি ত্রিপুরা পাড়ায় সেমিপাকা বসতঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
 
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, চন্দনাইশের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান।
 
অনুষ্ঠানে সুবিধাভোগীদের মাঝে ১টি সেমিপাকা বসতঘর, ৫টি বাইসাইকেল ও ৪টি সেলাই মেশিন প্রদান করা হয়। এ ছাড়া শিক্ষা বৃত্তি হিসেবে প্রাথমিক পর্যায়ে ১৮ জনকে জনপ্রতি ৩ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ে ১১ জনকে জনপ্রতি ৫ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৭ জনকে জনপ্রতি৭ হাজার টাকা প্রদান করা হয়।
 
এ সময় বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষা, বাসস্থান ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতেই এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
 
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে সহকারী প্রকৌশলী আবীর বড়ুয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মিঠু চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)  মুহাম্মদ ইলিয়াস, ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আবদুল মান্নান রানা, প্রধান শিক্ষক মোহাম্মদ ইছাহাক, হেডম্যান জুসেফ ত্রিপুরা, বিএনপি নেতা শহিদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ে কার্য সহকারী আলমগীর হোসেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুবিধাভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সর্বশেষ সর্বাধিক পঠিত