চট্টগ্রামে বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এস আলম গ্রুপের বন্ধ শিল্প-কারখানা দ্রুত চালু এবং কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন চাকরিহারা শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীরা। বন্ধ কারখানাগুলো চালুর পাশাপাশি উৎপাদন সচল রাখতে পর্যাপ্ত মূলধন সরবরাহ এবং আগের কর্মীদের কাজে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কয়েক হাজার চাকরিহারা শ্রমিক-কর্মচারী বিক্ষোভ মিছিল নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি জমা দেন তারা।

ব্যাংক থেকে এলসি (ঋণপত্র) খোলা ও কাঁচামাল আমদানিতে জটিলতার কারণে এস আলম গ্রুপের ১১টি শিল্পকারখানা গত ১ আগস্ট থেকে বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে এসব প্রতিষ্ঠানের অন্তত দশ হাজার শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়ে।

স্মারকলিপিতে তাদের দাবির মধ্যে রয়েছে, এস আলম গ্রুপের বন্ধ সব কারখানা অবিলম্বে চালু করা, আগে কর্মরত শ্রমিকদের পুনরায় কাজে যোগদানের সুযোগ দেওয়া এবং কাউকে ছাঁটাই না করা। এ ছাড়া ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন, উৎপাদন অব্যাহত রাখতে পর্যাপ্ত চলতি মূলধন সরবরাহ এবং রাজনৈতিক কারণে কোনো শিল্প-কারখানা বন্ধ না হওয়ার নিশ্চয়তা চান তাঁরা। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের বিভিন্ন শিল্প-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিক-কর্মচারীদের জীবনে অনিশ্চয়তা নেমে আসে। দীর্ঘদিন এসব প্রতিষ্ঠানে কাজ করে উৎপাদন সচল রাখলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে তাদের কর্মসংস্থান হারাতে হয়েছে। এতে শ্রমিক-কর্মচারীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও আর্থিক সংকটে পড়েছেন।

মালিকপক্ষের সঙ্গে এ নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, তাদের বক্তব্য-অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সিদ্ধান্তের পর ব্যাংকগুলো কারখানার ঋণ ও ব্যবসায়িক হিসাব বন্ধ করে দেওয়াতে চলতি মূলধন ও কাঁচামালের সংকট তৈরি হয়। এর ফলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানগুলো। ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা নিরসন হলে কারখানা চালু করে শ্রমিকদের কাজে ফেরানোর ব্যবস্থা করা হবে বলেও মালিকপক্ষ জানিয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।