এমএফএস প্রতারণা ঠেকাতে পদক্ষেপ নিয়েছে সরকার

বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা চুরি প্রতিরোধে সিম নিবন্ধন যাচাই, গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং ফিশিং লিংক ও ভুয়া ওয়েবসাইট বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে যশোর-১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মুহাম্মাদ আজীজুর রহমানের তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়া কোনো সিম নিবন্ধন না করার বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম জোরদার করা হচ্ছে। গ্রাহকের নিজস্ব জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে নিবন্ধিত সিম ব্যবহার করে এমএফএস অ্যাকাউন্ট খোলার বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সমন্বিতভাবে কাজ করছে।

তিনি বলেন, এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে এসএমএস, ভয়েস মেসেজ এবং বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত গ্রাহক সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট এবং প্রতারণামূলক কার্যক্রমে ব্যবহৃত নম্বর বন্ধে বিটিআরসি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

এ সময় সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সংসদ সদস্য সানজিদা ইসলাম এক সম্পূরক প্রশ্নে ইতোমধ্যে ব্যবহৃত সিমের মাধ্যমে ভুয়া ওয়েবসাইট ও প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত নম্বর বন্ধে সরকারের উদ্যোগ জানতে চান।

জবাবে মন্ত্রী বলেন, ভুয়া সিম বন্ধে সরকার কাজ করছে। এ ধরনের সিমের তথ্য পাওয়ামাত্রই বিটিআরসিকে জানানো হয় এবং সে অনুযায়ী সেগুলো বন্ধের ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে কারও কাছে কোনো ভুয়া সিমের তথ্য থাকলে তা জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।