এবার বুঝি সত্যিই বিয়ের সানাই বাজতে চলেছে? দীর্ঘদিনের জল্পনা, নানা ইঙ্গিত আর রহস্যময় হাসির পর সামনে এল টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের সম্ভাব্য দিনক্ষণ। শুরুতে ডিসেম্বরে বিয়ের খবর শোনা গেলেও অভিনেত্রীর ঘুনিষ্ঠ এক সূত্রের খবর, আগামী ২৬ নভেম্বর আইনি বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী। আর ডিসেম্বর মাসে পাহাড়ের কোলে বসতে পারে বিয়ের মূল আসর। শোনা যাচ্ছে, কালিম্পংয়ে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতেই নতুন জীবনের পথে পা রাখবেন টলিউডের এই জনপ্রিয় নায়িকা।
মিমির বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় জোর আলোচনা চলছে। প্রথমে অভিনেত্রীর বিয়ের খবর, তার পর হবু জীবনসঙ্গীকে নিয়ে নানা জল্পনা, আর সবশেষে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিয়ের নিমন্ত্রণপত্র—সব মিলিয়ে অনুরাগীদের কৌতূহল এখন তুঙ্গে। যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খুব একটা প্রকাশ্যে কথা বলতে পছন্দ করেন না মিমি। তাই বিয়ের খবর নিয়েও এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানাননি তিনি। সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২৬ নভেম্বর মিমি ও সিদ্ধার্থ দত্তের আইনি বিয়ে হতে পারে। ডিসেম্বরের ৫ তারিখ পাহাড়ি পরিবেশে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথাও শোনা যাচ্ছে। তবে এই দিনক্ষণ এখনও অভিনেত্রীর তরফে আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করা হয়নি।
মিমির বিয়ের খবর আরও জোরালো হয়েছে একটি অভিনব নিমন্ত্রণপত্রকে কেন্দ্র করে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই কার্ডে বর-কনের ছবির পাশাপাশি জায়গা পেয়েছে অভিনেত্রীর তিন আদরের পোষ্যও। চিকু জুনিয়র, ম্যাক্স এবং জাদুকে ছাড়া যে মিমির জীবন অসম্পূর্ণ, তা তার অনুরাগীদের অজানা নয়। ফলে বিয়ের কার্ডে পোষ্যদের উপস্থিতি দেখে অনেকেই মনে করছেন, এই বিশেষ মুহূর্তেও নিজের প্রিয় সারমেয়দের পাশে রাখতে চান অভিনেত্রী। বিয়ের কার্ড নিয়ে প্রশ্ন করা হলে অবশ্য সরাসরি কোনও উত্তর দেননি মিমি। বরং হাসিমুখে বিষয়টি এড়িয়ে গিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর বক্তব্য, তিনি এমন একজন মানুষ, যিনি কাউকে হতাশ করেন না। তিনি ইতিবাচক থাকতে এবং মজা করতে ভালবাসেন। তবে সবাইকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে বলেছেন। অভিনেত্রীর এই মন্তব্যে বিয়ের জল্পনা আরও বেড়েছে।
টলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, সিদ্ধার্থ দত্ত নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। তিনি বিনোদন জগতের মানুষ নন বলেই খবর। পেশাগত পরিচয় নিয়েও বিভিন্ন প্রতিবেদনে নানা তথ্য উঠে এসেছে। তবে মিমি নিজে এখনও তাঁর সম্পর্ক কিংবা সম্ভাব্য জীবনসঙ্গী সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। ফলে এই বিষয়েও আপাতত জল্পনাই ভরসা।