খুলনায় অপহরণের আট মাস পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

অপহরণের ৮ মাস পর দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছেন পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এই অপহরণে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছ পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, চলতি বছরের ১৫ মার্চ কয়রা উপজেলার মাদারবাড়িয়া গ্রাম থেকে আফরোজা সুলতানা (১৬) নামে এক তরুণীকে অপহরণ করা হয়। সে জাকারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ওই তরুণীর মা আসমা পারভীন বাদী হয়ে গত ২৫ মার্চ কয়রা থানায় মামলা করেন। এরপর থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে তৎপর হয় পুলিশ।

অপহরণকারিরা তাদের ব্যবহৃত মোবাইল নাম্বার পরিবর্তন করা এবং বার বার স্থান পরিবর্তন করায় উদ্ধার ও গ্রেপ্তারে সময় ক্ষেপণ হয়েছে বলে জানান তিনি। অবশেষে গোপন সূত্রের মাধ্যমে অপহরণকারিদের অবস্থান নির্দিষ্ট করে অভিযান চালানো হয়। প্রথমে খুলনা শহরের সোনাডাঙ্গা থানার গল্লামারি এলাকা থেকে অপহরণকারিদের এক সহযোগীকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ি অভিযান চালিয়ে বাগেরহাট থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও জড়িতের গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারবাড়িয়া গ্রামের সামাদ গাজীর ছেলে মো. রুবেল গাজী (২৮), তার মা আছিয়া খাতুন (৪৮) ও তার ভাই ইউছুপ গাজী (২৪)।
এ অভিযান পরিচালনা করেন মামলার তদন্তকারি কর্মকর্তা ও কয়রা থানার এস আই বিজন কুমার মন্ডল। 

তিনি বলেন, মামলার দায়িত্ব পাওয়ার পর থেকেই ভিকটিমকে উদ্ধারে চেষ্টা অব্যাহত থাকে। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে খুলনা শহর থেকে অপরণকারি রুবেল গাজীর ভাই ইউছুপ গাজীকে গ্রেফতার করা হয়।

তাদের দেওয়া তথ্য অনুযায়ি বাগেরহাট জেলার শরণখোলায় তাদের আত্মীয়ের বাড়ি থেকে অপহৃত স্কুল ছাত্রী ও অপহরণকারি রুবেল গাজী ও তাঁর মাকে গ্রেফতার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।