আবাসিক হলে ঢুকে কুয়েট শিক্ষার্থীকে মারধর

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

বিভাগের এক বন্ধুর সঙ্গে কথা-কাটাকাটির জেরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থীকে আবাসিক হলের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে। এতে ওই শিক্ষার্থীর চোখে গুরুতর আঘাত লেগেছে।

আহত শিক্ষার্থীর নাম নাজমুল ইসলাম। সে কুয়েটের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২ বর্ষের শিক্ষার্থী। চোখ দিয়ে রক্ত ঝরতে থাকায় প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেওয়া হয়। পরে চোখ পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নাজমুলের অভিযোগ, ল্যাবে বিভাগের এক বন্ধুর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এর জেরে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী তাঁর কক্ষে গিয়ে তাঁকে মারধর করেন। একপর্যায়ে বাম চোখে ঘুষি মারা হলে চোখ দিয়ে রক্ত বের হতে থাকে। আঘাতে তিনি মেঝেতে পড়ে গেলেও জ্ঞান হারাননি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সূত্রপাত হয় বিভাগের হাসান তৌফিক নামে এক শিক্ষার্থীর সঙ্গে নাজমুলের বিরোধকে কেন্দ্র করে। পরে হাসান তৌফিক নাজমুলের কক্ষে গিয়ে চিৎকার-চেঁচামেচি করেন এবং তাঁকে সরি বলতে বলেন। তখন নাজমুল কক্ষের দরজা না খুলে নামাজ পড়ছিলেন। একপর্যায়ে কয়েকজন সেখানে গিয়ে দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন। কয়েকজন কক্ষের ভেতরে প্রবেশ করে নাজমুলকে মারধর শুরু করেন।

পরে রুমমেট ও অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে তিনি কক্ষে ফিরে গেলেও চোখের আঘাত নিয়ে উদ্বেগ দেখা দেয়। চোখের ভেতরে কোনো ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত হতে রাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাঁকে খুলনায় নেওয়া হয়।

লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ কার্যালয়ের উপপরিচালক রাজন কুমার রাহা বলেন, তিনি নাজমুলকে দেখতে গিয়েছিলেন। তার চোখের পাতার ওপর কয়েকটি স্থানে কেটে গেছে। চোখের ভেতরে কোনো আঘাত লেগেছে কি না, তা পরীক্ষা করতে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত