আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতাসহ দুজনের পাঁচ দিনের রিমান্ড

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় ছাত্রলীগের এক নেতাসহ দুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন, কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক উপসম্পাদক মো. ফয়সাল ও তার সহযোগী সুকুমার হাওলাদার।

সোমবার (১৬ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অনুপম দাস আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আসমির জামিনের আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। 

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৯ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আদালতের সামনে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টাকালে দায়িত্বরত পুলিশ সদস্য ও উপস্থিত লোকজনের সহায়তায় ফয়সাল ও সুকুমারকে গ্রেপ্তার করা হয়। ১০ নভেম্বর পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে এ মামলা করার পর দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।