হত্যাচেষ্টার নতুন মামলা: সাবেক স্বামীসহ মমতাজকে গ্রেপ্তার দেখানো হল      

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম এবং তার সাবেক স্বামী রমজান আলী মাদবরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। 

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। 

গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় গুলিবর্ষণের ঘটনায় ওমর ফারুক শাকিল গুলিবিদ্ধ হন। পরে তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তী সময়ে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়। 

পরে ওমর ফারুক শাকিল সুস্থ হয়ে মিরপুর থানায় এ মামলাটি করেন। মমতাজ বেগম এবং তার সাবেক স্বামী রমজান আলী মাদবর কাউকেই আদালতে উপস্থিত করা হয়নি। তাদেরকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে হাজির দেখিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

এর আগে মমতাজ বেগমকে ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।