গতিরোধক পার হতে গিয়ে উল্টে গেল বাস, আহত ২৫

দিনাজপুরের পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে স্পিড ব্রেকার (গতিরোধক) পার হতে গিয়ে উল্টে গেছে একটি মিনিবাস। এতে বাসের ২৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহতদের অনেকের হাত-পা ও মাথায় গুরুতর জখম হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে খেলনা তৈরির প্রতিষ্ঠান সিআই মোল্ডিং বিডি, উই চ্যাম্পিয়ন ও বিপি ম্যানুফ্যাকচারিং কোম্পানির সামনের স্পিড ব্রেকার অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মিনিবাসটি উল্টে সড়কে পড়ে যায়। এতে মা ইলেকট্রনিক্স-২-এর শাটার ও থাই গ্লাস এবং দুটি অটোচার্জার ভ্যান ক্ষতিগ্রস্ত হয়।

কোম্পানির সামনে অবস্থিত মনপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক জাকির হোসেন জাকি ও প্রকাশ চন্দ্র রায় দৈনিক দেশ রূপান্তরকে বলেন, কোম্পানির সামনের সড়কে পরপর দুটি স্পিড ব্রেকার স্থাপন করায় প্রতিদিন তিন থেকে চারটি দুর্ঘটনা ঘটছে। এসব গতিরোধক পার হতে গিয়ে যানবাহনের চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ছেন। এতে অনেকের হাত, পা, মাথা ও কোমরে আঘাত লাগছে। কেউ কেউ পঙ্গুত্বও বরণ করেছেন। প্রতিদিন মোটরসাইকেল আরোহী, ভ্যানচালক ও অটোরিকশার যাত্রীরা এসব গতিরোধক পার হতে গিয়ে আহত হচ্ছেন। তাদের দাবি, স্পিড ব্রেকারের কারণে ইতোমধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

কোম্পানির সামনের মা ইলেকট্রনিক্স-২-এর স্বত্বাধিকারী মিলন মিয়া বলেন, দুটি স্পিড ব্রেকার স্থাপনের আগে সেখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু এগুলো স্থাপনের পর থেকে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। একটি আঞ্চলিক মহাসড়কে মাত্র ২০ থেকে ২৫ গজের মধ্যে একই স্থানে দুটি স্পিড ব্রেকার কীভাবে স্থাপন করা হলো, তা তাদের বোধগম্য নয়।

একই ধরনের অভিযোগ রয়েছে পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়ক নিয়েও। দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তর এ সড়কের এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের সামনে ২০ গজের মধ্যে পরপর তিনটি এবং খোলাহাটি নার্সিং ইনস্টিটিউটের সামনে ২৫ গজের মধ্যে পরপর দুটি স্পিড ব্রেকার স্থাপন করেছে। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণভাবে এসব গতিরোধক নির্মাণের কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাচ্ছে। বিশেষ করে ভ্যান, অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।

এ বিষয়ে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক আরাফাত জামিল দৈনিক দেশ রূপান্তরকে বলেন, ২০১৮ সালে তারা সড়ক ও জনপথ অধিদপ্তরে আবেদন করেছিলেন। আগে সেখানে দুর্ঘটনা ঘটলেও ইদানিং তা কমেছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, অনেক কাঠখড় পুড়িয়ে তারা ওই স্পিড ব্রেকার স্থাপন করাতে পেরেছেন।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৯ জুলাই এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্যাডে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্কুলের সামনে গতিরোধক স্থাপনের আবেদন করেছিলেন প্রধান শিক্ষক আরাফাত জামিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তর সেখানে তিনটি স্পিড ব্রেকার স্থাপন করে।

তবে এসব গতিরোধকের কারণে দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি বেলা ১টার দিকে স্কুলের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন আবদুল করিম (৩৫) নামে এক আইসিটি কর্মকর্তা। তিনি পঞ্চগড় জেলা শিক্ষা অধিদপ্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। এ ছাড়া ২০ মার্চ বাসুপাড়া গ্রামের রবিউল ইসলাম বাবু ভ্যানে করে বাড়ি ফেরার পথে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ দৈনিক দেশ রূপান্তরকে বলেন, মানুষের নিরাপত্তার জন্য যে স্পিড ব্রেকার স্থাপন করা হয়েছে, সেটিই যদি মানুষের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে তা উদ্বেগের বিষয়। উই বিডি কোম্পানির সামনের রাম্বল স্পিড ব্রেকার যথাযথ পদ্ধতিতে স্থাপন করতে হবে অথবা সঠিকভাবে চিহ্নিত করতে হবে। এগুলো অতিরিক্ত উঁচু হওয়াও উচিত নয়। পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কের এ্যাফেক স্কুল ও খোলাহাটি নার্সিং ইনস্টিটিউটের সামনের রাম্বল স্পিড ব্রেকারগুলোর বিষয়েও সড়ক ও জনপথ অধিদপ্তরকে জানানো হবে।

দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান দৈনিক দেশ রূপান্তরকে বলেন, পার্বতীপুর-সৈয়দপুর ও পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কের স্পিড ব্রেকার অপসারণে ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কগুলোতে কীভাবে এসব গতিরোধক স্থাপন করা হয়েছে, তা খতিয়ে দেখা হবে। যেসব স্পিড ব্রেকার পথচারীদের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেগুলো অপসারণ করাই ভালো।