যারা বিএনপিকে ভয় দেখান, তাদের গণতন্ত্রের ভাষায় কথা বলতে হবে: মন্ত্রী

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০১:৫১ পিএম

যারা বিএনপিকে ভয় দেখান, চোখ রাঙানি দেখান বা দেখানোর চেষ্টা করেন, তাদের গণতন্ত্রের ভাষায় কথা বলার আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ না ডেকে এনে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের দুই-তৃতীয়াংশের বেশি মানুষ জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত পাউশগাড়া স্কুল মাঠের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, অতীতে যারা বলেছিলেন বিএনপিকে ১০ দিনও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, তারা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কিন্তু বিএনপির শেকড় জনগণের মাঝে। শহীদ জিয়াউর রহমান এবং মরহুমা খালেদা জিয়া কখনো আত্মসমর্পণ করেননি বা জনগণকে ফেলে পালিয়ে যাননি। যেকোনো ষড়যন্ত মোকাবিলায় বিএনপি জনগণকে সাথে নিয়ে প্রস্তুত রয়েছে।

খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী লাবুর সঞ্চালনায় এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোকারম হোসেন,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেনসহ অনেকে।

এর আগে মন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে শিক্ষার্থীরা তাকে ফুল ছিটিয়ে বরণ করে নেয় এবং ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তিনি সভার উদ্বোধন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত