শেষ বিকেলের স্বস্তি বাংলাদেশের

তাওহীদ হৃদয়ের পর লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতেও দক্ষিণ আফ্রিকায় স্বস্তি খুঁজে পাচ্ছিল না বাংলাদেশ দল। প্রথম ইনিংসে ৪০০ রানে অলআউট হওয়ার পর বল হাতে শুরুটাও ভালো হয় লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি বোলাররা। মার্কাস অ্যাকারম্যানের সেঞ্চুরি ও জুবাইর হামজার ৮৩ রানের ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্রোটিয়ারা। তবে শেষ সেশনে ঘুড়ে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে সফরকারীরা। থিতু হয়ে যাওয়া এই দুই ব্যাটসম্যানের পর ম্যাথু ব্রিটস্কি দ্রুত আউট হন। এতে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলেছে স্বাগতিকরা। এখনো ১১৩ রানে এগিয়ে আছে বাংলাদেশ দল। তেম্বা বাভুমা ১৯ এবং রায়ান রিকেলটন ৭ রান নিয়ে আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু করবেন। 

৬ উইকেটে ৩২৭ রান নিয়ে গতকাল দ্বিতীয় দিন ব্যাট করতে নামে বাংলাদেশ। ৯২ রানে অপরাজিত থাকা লিটন স্কালেই অপেক্ষার অবসান ঘটান। মার্কো ইয়ানসেনকে ছক্কা মেরে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। ১৫৪ বলে পূর্ণ করেন টেস্টে নিজের অষ্টম সেঞ্চুরি। মাইলফলক ছোঁয়ার পর পকেট থেকে একটি কাগজ বের করে দেখান লিটন। মেয়ে আনায়রা দাসের জন্মদিনে সেঞ্চুরিটি উৎসর্গ করে বিশেষ উদযাপন করেন। সে কাগজে লেখা ছিল, 'শুভ জন্মদিন, আমার রাজকন্যা। এই সেঞ্চুরি তোমার জন্য।'

এই শতকের মধ্য দিয়ে বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নেন লিটন। টেস্ট ক্যারিয়ারের ৮টি সেঞ্চুরির সাতটিই করেছেন উইকেটরক্ষক হিসেবে। এত দিন ৬টি সেঞ্চুরি নিয়ে এই রেকর্ডে মুশফিকুর রহিমের সঙ্গে ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে তার চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি আছে কেবল চারজনের। তবে সেঞ্চুরির আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। লিটনের সঙ্গে ৪৩ বলে ৩২ রানের জুটি গড়ার পর ১০ রান করে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি লিটনও। ১৭৯ বলে ১৪ চার ও এক ছক্কায় ১২০ রান করেন তিনি।

৩৭০ রানে অষ্টম উইকেট হারানো দলকে শেষ দিকে লড়াই করার মতো পুঁজি এনে দেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। হাসান ২৪ বলে ১৬ এবং তাসকিন ১৬ বলে ১৭ রান করেন। শেষ পর্যন্ত ১০১ ওভার ২ বল খেলে রেকর্ড ৪০০ রানে অলআউট হয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই সর্বোচ্চ টেস্ট ইনিংস দলটির। কোনো টেস্ট সিরিজের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৪০০ রান করা উপমহাদেশের প্রথম দলও বাংলাদেশ। সব মিলিয়ে ১৭ বছরের বেশি সময় পর প্রথম সফরকারী দল হিসেবে এই কীর্তি গড়েন নাজমুল হোসেন শান্তরা। এর আগে ২০০৮-০৯ মৌসুমে জোহানেসবার্গে অস্ট্রেলিয়া করেছিল ৪৬৬ রান। উপমহাদেশের দলগুলোর মধ্যে আগের সর্বোচ্চ ছিল ২০২০-২১ সালে সেঞ্চুরিয়নে শ্রীলঙ্কার ৩৯৬ রান।

পরে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় প্রোটিয়ারা। দ্বিতীয় ওভারে এইডেন মারক্রামকে (৪) ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন হাসান। তবে এরপর বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন অ্যাকারম্যান ও হামজা। লাইন-লেন্থের অসংগতি কাজে লাগিয়ে নিয়মিত রান তুলতে থাকেন তারা। চাপে পড়ে হাসানের করা ইনিংসের অষ্টম ওভারে পরপর দুটি রিভিউ নিয়ে ব্যর্থ হয় বাংলাদেশ দল। মিরাজ-তাসকিনরা বল হাতে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে পারেননি। এই সুযোগে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন অ্যাকারম্যান। হামজাও পূর্ণ করেন অর্ধশতক।

শেষ বিকেলে মুমিনুল হককে আক্রমণে এনে সাফল্য পান অধিনায়ক শান্ত। লিটনের হাতে ক্যাচ দিয়ে ৮৩ রানে ফেরেন হামজা। ২০২ রানের এই জুটি ভাঙলে আরও বেশি চড়াও হন অ্যাকারম্যান। বাভুমার সঙ্গে ৬২ রানের জুটির মধ্যে ব্যক্তিগত দেড় শ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। থিতু হয়ে যাওয়া এই ব্যাটসম্যানকে থামান হাসান। ক্যারিয়ারসেরা ইনিংসে ১৬৪ বলে ১৫৭ রান করেন প্রোটিয়া ওপেনার। এরপর নতুন ব্যাটসম্যান ব্রিটস্কিকেও (২) আউট হন হাসান। প্রতিপক্ষের হারানো ৪ উইকেটের মধ্যে ৩টি শিকার এই ডানহাতি পেসারের। আজ তৃতীয় দিনে প্রতিপক্ষের ওপর আরো চাপ প্রয়োগ করতে নামবে বাংলাদেশ দল।