দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট হাতে দারুণ সাফল্যের পর বল হাতে শুরু থেকেই চাপে বাংলাদেশ। স্বাগতিকদের প্রথম উইকেটটি তুলে নেওয়ার পর আর কোনো সাফল্য পাননি সফরকারী বোলাররা। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ১ উইকেটে ১৮ রান নিয়ে খেলা শুরু করা প্রোটিয়ারা আর কোনো উইকেট না হারিয়ে আরও ১১১ রান যোগ করেছে। ১ উইকেটে ১২৯ রান নিয়ে চা বিরতিতে গেছে তারা। মার্কাস অ্যাকারম্যান ৬৯ ও জুবাইর হামজা ৪৮ রানে অপরাজিত আছেন।
দ্বিতীয় সেশনের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের চেষ্টা করেন দুই অপরাজিত ব্যাটসম্যান অ্যাকারম্যান ও হামজা। হাসান মাহমুদের প্রথম ওভারেই আসে ১১ রান। তবে এরপর হাসান এবং তাসকিন আহমেদ কয়েকবার স্বাগতিক ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলেন। তাসকিনের বলে অ্যাকারম্যানের প্যাডে বল লাগলে জোরালো আবেদন করেন বাংলাদেশের ফিল্ডাররা। তবে রিপ্লেতে দেখা যায়, বল অল্পের জন্য স্টাম্পের বাইরে দিয়ে চলে যেত।
এরপর হাসানের ওভারে পরপর দুই বলে হামজার বিপক্ষে দুটি রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু দুবারই ব্যর্থ হয়। প্রথম বলের ক্ষেত্রে ইমপ্যাক্ট ছিল অফ স্টাম্পের বাইরে, পরের বলটি চলে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে। তাতে মাত্র আট ওভারেই ৩টি রিভিউয়ের মধ্যে ২টি হারিয়ে ফেলে বাংলাদেশ দল।
এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করেন অ্যাকারম্যান ও হামজা। বাংলাদেশের পেসারদের লাইন ও লেন্থে ধারাবাহিকতার অভাব কাজে লাগিয়ে নিয়মিত রান তুলতে থাকেন তারা। তাসকিন ও এবাদত হোসেনের নো বলের পাশাপাশি আলগা ডেলিভারিও দক্ষিণ আফ্রিকার রান বাড়াতে সহায়তা করে। একপর্যায়ে হাসানের কপালে বলের আঘাত লাগলেও প্রাথমিক শুশ্রূষা নিয়ে আবার বোলিংয়ে ফেরেন তিনি। অন্যদিকে মেহেদী হাসান মিরাজের বলেও স্বচ্ছন্দে রান করেন দুই ব্যাটসম্যান। চা বিরতির আগে তাদের অবিচ্ছেদ্য জুটিতে এসেছে ১২৪ রান।