নবান্ন উৎসবে মেতে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়

বাঙালির ঋতুভিত্তিক উৎসব উদ্‌যাপনের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হয়েছে ‘নবান্ন উৎসব-২০২৬’। সোমবার (১৬ নভেম্বর) ‘আবর্তন’-এর উদ্যোগে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দীন হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, নবান্ন উৎসব বাঙালির সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। গ্রাম-গঞ্জের পাশাপাশি পাহাড়ি অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীও এ উৎসব পালন করে। এটি মানুষের জীবনের অংশ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচায়ক। শেকড়ের সন্ধান ও ঐতিহ্য সংরক্ষণে এমন আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভাষাভাষী ও জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও উৎসব রয়েছে। এসব সংস্কৃতি হারিয়ে যেতে না দিয়ে আরও বিকশিত করতে চায় সরকার। প্রধানমন্ত্রীও দেশের আদি সংস্কৃতির বিষয়ে অত্যন্ত আগ্রহী। আদি ও সমকালীন সংস্কৃতির সমন্বয়ে আধুনিক সংস্কৃতির বিকাশ ঘটানোই সরকারের লক্ষ্য।

তিনি আরও জানান, আগামী ডিসেম্বর মাসে জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে। দীর্ঘ সময়ব্যাপী এ আয়োজনে সংগীত, নৃত্য, আবৃত্তি, চারুকলা, সাহিত্য, গ্রামীণ সংস্কৃতি, গ্রন্থাগার ও প্রত্নতত্ত্বসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিভিন্ন শাখা যুক্ত থাকবে। এর মধ্য দিয়ে দেশে সাংস্কৃতিক জাগরণ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দিনব্যাপী নবান্ন উৎসবে ছিল ‘চিত্রকলায় নবান্ন’ শীর্ষক আর্ট ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত আর্ট ক্যাম্পে অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

বিকেল সাড়ে ৩টায় চারুকলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর বিকেল সাড়ে ৪টায় বকুলতলায় শুরু হয় নবান্নের সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ এবং ‘আবর্তন’-এর শতাধিক শিল্পী অংশ নেন। এ ছাড়া দেশের বিশিষ্ট সংগীতশিল্পী ও আবৃত্তিকাররাও তাঁদের পরিবেশনা উপস্থাপন করেন।