নেকাব নিয়ে মন্তব্যের অভিযোগে শিক্ষককে অব্যাহতি

নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলার অভিযোগের পর শিক্ষার্থীদের আবেদনে কোর্স থেকে সরিয়ে দেওয়া হয়েছে শিক্ষককে।

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পিএম

নেকাব পরা এক ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী।

তিনি জানান, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে জরুরি একাডেমিক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের অভিযোগ এবং সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে একটি রেজুলেশন নেওয়া হয়েছে। এর ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষকের কোর্সগুলো পুনর্বণ্টন করে অন্য শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী বলেন, কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চতর কর্তৃপক্ষ নেবে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী উপাচার্য, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। বিভাগ থেকে ঘটনাটি তাদের অবহিত করা হবে।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইংরেজি বিভাগের মাস্টার্সের একটি ক্লাসে নেকাব পরে আসা এক ছাত্রীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ বা ‘মৌলবাদী’ এবং ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করার অভিযোগ ওঠে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে। শিক্ষার্থীদের অভিযোগ, ওই শিক্ষক ক্লাসে ওই ছাত্রী বোমা হামলা করতে পারে বলেও মন্তব্য করেন।

অভিযোগ অনুযায়ী, পূর্ণ পর্দা করা ওই শিক্ষার্থীকে উদ্দেশ্য করে শিক্ষক বলেন, এভাবে পর্দা করা যায় না এবং মুখ খোলা রাখা যায়। একই সঙ্গে হাত-পা ঢাকার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। নেকাবের কারণে তিনি অস্বস্তি ও অনিরাপদ বোধ করছেন উল্লেখ করে ওই শিক্ষার্থীকে সামনে না বসে অন্যদের সঙ্গে পেছনে বসতে বলা হয় বলে অভিযোগ।

এ ঘটনার প্রতিবাদ করলে অভিযোগকারী শিক্ষার্থীর ওপরও ওই শিক্ষক চড়াও হন বলে অভিযোগ রয়েছে। পরে ভুক্তভোগী শিক্ষার্থী ক্লাসরুম থেকে বের হয়ে যান। তার সঙ্গে আরও দুজন শিক্ষার্থী ক্লাস ছেড়ে বেরিয়ে যান। একপর্যায়ে অধিকাংশ শিক্ষার্থী ক্লাস বর্জন করে ঘটনার প্রতিবাদ জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত