নারায়ণগঞ্জের তৈরি পোশাক কারখানাগুলোতে আজ সোমবারও কর্মপরিবেশ স্বাভাবিক ছিল। সকাল থেকে ফতুল্লার বিসিক, শিবু মার্কেট, কাঠেরপুল, আদমজী ইপিজেড, কাঁচপুর বিসিক, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দরসহ জেলার বিভিন্ন এলাকার প্রায় দেড় হাজার পোশাক কারখানায় অন্যান্য দিনের মতো কাজে যোগ দেন শ্রমিকেরা। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা গেছে, গত ২ থেকে ৪ নভেম্বর পর্যন্ত শ্রমিক বিক্ষোভের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত প্লাটুন বিজিবি ও চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলা পুলিশ, শিল্প পুলিশ ও এসআরবি-১১-এর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
রবিবার গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলের ১৪৭টি কারখানা লে-অফ ঘোষণা করা হলেও নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনের পর কোনো পোশাক কারখানা বন্ধের ঘোষণা আসেনি। এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছেন।
শ্রমিকেরা জানান, তারা দ্রুত ন্যায্য মজুরি বাস্তবায়ন চান। শ্রমিক, মালিক ও সরকারপক্ষের আলোচনার মাধ্যমে তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে বলে তারা আশা করছেন।
শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নারায়ণগঞ্জের ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় নারী-পুরুষ মিলিয়ে প্রায় ছয় লাখ শ্রমিক কাজ করেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মালিক ও শ্রমিকদের আন্তরিকতার কারণে এ পরিস্থিতি বজায় রয়েছে। জেলায় নিরাপত্তাজনিত কোনো আশঙ্কা নেই।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, অন্যান্য জায়গায় শ্রমিক অসন্তোষ থাকলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। জেলায় ৫৭৫ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এ ছাড়া মুন্সিগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য আনা হয়েছে।
৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, শিল্পাঞ্চলের যেসব এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেসব এলাকা চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। সাত প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার উপমহাপরিদর্শক শিপন চৌধুরী জানান, শ্রম আইন ২০০৬-এর ১৩(ক) ধারা অনুযায়ী নারায়ণগঞ্জের কোনো কারখানা বন্ধ করা হয়নি। সব কারখানা চালু রয়েছে এবং শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।
তিনি আরও জানান, সোমবার সকালে মেট্রো গার্মেন্টসে শ্রমিকেরা কাজ না করে বসে ছিলেন। তবে দুপুরের পর আর কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। বর্তমানে জেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।