নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি তেরা মার্কেটের সামনে রনি (৪১) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি আলামিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় এলাকাবাসী জানায় , দুর্বৃত্তের ছুরিকাঘাতে রনির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। বিশেষ করে তার পিঠে ১৫ থেকে ২০টি ও মাথায় ৩ থেকে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়দের দাবি। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে প্রাথমিকভাবে তার নাম রনি বলে শনাক্ত করা হয়।
ঘটনার পরপরই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় আলামিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয়দের দাবি, হত্যার ঘটনার পর এক থেকে দেড় ঘণ্টা পরে প্রধান আসামি আল-আমিন ঘটনাস্থলে থেকে প্রায় ৩০ মিটার দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
পরে স্থানীয়রা হত্যার প্রধান আসামি আলামিনের শরীরে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ ও কাটা ছেঁড়া দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি রনিকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন বলে জানান। হত্যাকারীর ভাষ্য অনুযায়ী, দু-এক দিন আগে রনির সঙ্গে আলামিনের ঝগড়া হয়েছিল। সেই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেন।
স্থানীয়রা আরও জানান, আলামিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল আলীর ছেলে। তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, মিজমিজি তেরা মার্কেটের সামনে রনি নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনায় আলামিন নামে একজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপপরিদর্শক (এসআই) অলিউল্লাহকে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা ও তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে।