কর্মক্ষেত্রে দায়িত্বে অবহেলা আমানতের খেয়ানত

মানুষের জীবনের বড় একটি অংশ কাটে কর্মক্ষেত্রে। মানুষ কর্মের মাধ্যমে পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালন করে। শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা দেন। চিকিৎসক রোগীর সেবা করেন। সরকারি কর্মকর্তা নাগরিকদের প্রয়োজনীয় সেবা দেন। শ্রমিক নিজের শ্রম দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখেন। প্রতিটি পেশার সঙ্গে মানুষের অধিকার ও বিশ্বাস জড়িয়ে আছে। তাই কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম উপার্জনকে সম্মানজনক কাজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছে। দায়িত্বে অবহেলা, কাজে ফাঁকি দেওয়া এবং মানুষের প্রাপ্য অধিকার নষ্ট করা খুবই মন্দ কাজ। এসব কাজের জন্য আখেরাতে জবাবদিহি করতে হবে।

ইসলাম মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের পাশাপাশি কর্মজীবনেও সততা ও দায়িত্বশীলতার শিক্ষা দেয়। একজন মুসলমানের কাছে কাজ কেবল অর্থ উপার্জনের মাধ্যম নয়। এটি একটি আমানতও। কাজের বিনিময়ে বেতন গ্রহণ করলে সেই কাজ যথাযথভাবে সম্পন্ন করা দায়িত্বের অন্তর্ভুক্ত। কর্মীর ওপর প্রতিষ্ঠানের যে দায়িত্ব অর্পিত হয়, তা সততার সঙ্গে পালন করা জরুরি। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমরা আমানত তার হকদারদের কাছে পৌঁছে দেবে।’ (সুরা নিসা ৫৮)

এই আয়াতের নির্দেশনা জীবনের সব ধরনের আমানতের ক্ষেত্রে প্রযোজ্য। চাকরি, ব্যবসা, দায়িত্ব ও মানুষের অধিকারও আমানতের অন্তর্ভুক্ত। একজন কর্মীকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়, তা যথাযথভাবে সম্পন্ন করা তার আমানত রক্ষার অংশ। মহানবী হজরত মুহাম্মদ (সা.) দায়িত্বশীলতার গুরুত্ব বোঝাতে বলেছেন, ‘তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ (সহিহ বুখারি)। একজন কর্মকর্তা তার অধীনস্ত কর্মীদের বিষয়ে দায়িত্বশীল। একজন কর্মী তার ওপর অর্পিত কাজের বিষয়ে দায়িত্বশীল। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। কর্মক্ষেত্রে দায়িত্বে অবহেলার একটি বড় দিক হলো কাজে ফাঁকি দেওয়া। নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়া, অকারণে কর্মস্থল ত্যাগ করা, কাজ ফেলে রাখা এবং কর্মঘণ্টায় ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকা এর অন্তর্ভুক্ত। অনেকে অফিসে উপস্থিত থাকলেও দায়িত্ব পালনে মনোযোগী হন না। অপ্রয়োজনীয় গল্পগুজবে ব্যস্ত থাকেন। এতে প্রতিষ্ঠানের কাজ ব্যাহত হয় এবং অন্যের ওপর বাড়তি চাপ তৈরি হয়।

কোনো ব্যক্তি নির্দিষ্ট কর্মঘণ্টার বিনিময়ে বেতন গ্রহণ করলে সেই সময়ের যথাযথ ব্যবহার তার দায়িত্ব। কর্মঘণ্টায় ব্যক্তিগত কাজ করা বা ইচ্ছাকৃতভাবে কাজ পিছিয়ে দেওয়া আমানতের সঙ্গে অসংগতিপূর্ণ।

উদাহরণ হিসেবে বলা যায়, একজন সরকারি কর্মকর্তা প্রতিদিন নির্ধারিত সময়ে অফিসে আসেন। কিন্তু নাগরিকদের সেবা দেওয়ার পরিবর্তে ব্যক্তিগত কাজে সময় ব্যয় করেন। ফলে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তার এই আচরণ কেবল কর্মক্ষেত্রের নিয়ম ভঙ্গ নয়, মানুষের অধিকার ক্ষুণœ করারও শামিল। ইসলামে উপার্জনের ক্ষেত্রে হালাল ও হারামের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজ না করে বেতন গ্রহণ করা কিংবা দায়িত্ব পালনে ইচ্ছাকৃত অবহেলা করে পূর্ণ পারিশ্রমিক নেওয়া নৈতিকভাবে ঠিক নয়। কারণ বেতন হলো নির্দিষ্ট কাজের বিনিময়। কাজের অধিকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি তার বিনিময়ে কর্মীর কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে।

কর্মক্ষেত্রে একজনের অবহেলার প্রভাব অনেক মানুষের ওপর পড়তে পারে। একজন চিকিৎসকের দায়িত্বহীনতায় রোগীর জীবন ঝুঁকিতে পড়তে পারে। একজন প্রকৌশলীর কাজে গাফিলতির কারণে ভবন বা সেতুর নিরাপত্তা বিঘিœত হতে পারে। একজন ব্যাংক কর্মকর্তার অসতর্কতায় গ্রাহকের আর্থিক ক্ষতি হতে পারে। একজন সংবাদকর্মীর যাচাইবিহীন তথ্য প্রকাশে মানুষের সম্মানহানি ঘটতে পারে। ইসলাম মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তাই দায়িত্বে অবহেলার মাধ্যমে মানুষের ক্ষতি করা গুরুতর অন্যায়।

ইসলাম কর্মক্ষেত্রে শুধু অবহেলা থেকে বিরত থাকার নির্দেশ দেয় না, বরং নিষ্ঠা ও সুন্দরভাবে কাজ সম্পন্ন করতেও উৎসাহিত করে। একজন কর্মী তার দায়িত্ব যথাযথভাবে পালন করলে প্রতিষ্ঠানের উপকার হয় এবং কাজটি নেক আমলে পরিণত হওয়ার সুযোগ তৈরি হয়। মহানবী (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন, তোমাদের কেউ কোনো কাজ করলে তা যেন সুচারুরূপে সম্পন্ন করে।’ (আল-মুজামুল আওসাত, তাবারানি ৮৯৭)

হাদিসটির শিক্ষা হলো, কাজের ক্ষেত্রে দক্ষতা, যতœ ও উৎকর্ষ অর্জনের চেষ্টা করা উচিত। দায়িত্ব পালনে আন্তরিকতা একজন মুমিনের উত্তম চরিত্রের পরিচয়।

কর্মক্ষেত্রে দায়িত্বে অবহেলা করলে প্রথমত মানুষের বিশ্বাস নষ্ট হয়। সহকর্মী ও কর্র্তৃপক্ষের কাছে কর্মীর গ্রহণযোগ্যতা কমে যায়। প্রতিষ্ঠানের কাজের মান ক্ষতিগ্রস্ত হয়। অনেক ক্ষেত্রে মানুষের আর্থিক, শারীরিক ও মানসিক ক্ষতি হয়। এ ছাড়া দায়িত্বহীনতা কর্মজীবনে অনিয়ম ও দুর্নীতির পথ তৈরি করে।

ইসলামের দৃষ্টিতে এর পরিণতি আরও গভীর। কারণ মানুষের সঙ্গে সংশ্লিষ্ট অধিকার নষ্ট করলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে জবাবদিহি করতে হবে। কেবল আল্লাহর কাছে ক্ষমা চাইলেই মানুষের অধিকার নষ্ট করার দায় শেষ হয় না। ক্ষতিগ্রস্ত ব্যক্তির অধিকার ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছ থেকে ক্ষমা নিতে হবে।

কর্মক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব পালন একজন মুসলমানের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। নিজের কাজের প্রতি নিষ্ঠা, সততা ও আন্তরিকতা থাকলে উপার্জনে বরকত আসে, মানুষের উপকার হয় এবং সমাজে আস্থা ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে দায়িত্বে অবহেলা মানুষের অধিকার নষ্ট করে এবং আখেরাতের জবাবদিহির কারণ হয়।

লেখক : মাদ্রসাশিক্ষক ও ইসলামি গবেষক