জীবনের প্রতি বিতৃষ্ণা কেন আসে

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১২:২০ এএম

আমাদের জীবনের গতিপথ প্রতিনিয়ত বদলায়। জীবন সব সময় স্থিরভাবে চলে না। প্রতিদিনের পথচলায় সুখ-দুঃখ এবং আশা-নিরাশার অভিজ্ঞতা আসে। পারিবারিক অশান্তি, আর্থিক সংকট কিংবা প্রিয় মানুষের অবহেলা মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেয়। দীর্ঘদিনের হতাশা ও ব্যর্থতা থেকে জীবনের প্রতি বিতৃষ্ণা তৈরি হয়। অনেকে তখন নিজের জীবনকে অর্থহীন মনে করেন। বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলেন। অথচ ইসলাম মানুষকে হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা করতে, ধৈর্য ধারণ করতে এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে আশাবাদী থাকতে শিক্ষা দেয়।

জীবনের প্রতি বিতৃষ্ণা তৈরির পেছনে নানা কারণ থাকে। প্রত্যাশা পূরণ না হওয়া, বারবার ব্যর্থ হওয়া, আর্থিক অনটন, দাম্পত্য কলহ, পারিবারিক অশান্তি, প্রিয়জনের মৃত্যু এবং সামাজিক অবহেলা মানুষের মনে গভীর কষ্ট তৈরি করতে পারে। আবার অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করার প্রবণতাও হতাশা বাড়ায়। সামাজিক মাধ্যমে মানুষের সাজানো সুখের ছবি দেখে অনেকে নিজের জীবনকে ব্যর্থ মনে করেন। ফলে নিজের প্রাপ্তিগুলোও তাদের কাছে মূল্যহীন হয়ে ওঠে।

দীর্ঘস্থায়ী মানসিক চাপ, বিষণœতা ও একাকিত্ব থেকেও জীবনের প্রতি আগ্রহ কমে যেতে পারে। তাই এমন অনুভূতিকে অবহেলা করা উচিত নয়। প্রয়োজন হলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া জরুরি।

ইসলাম দুনিয়ার জীবনকে পরীক্ষার ক্ষেত্র হিসেবে বর্ণনা করেছে। এখানে সুখ ও দুঃখ উভয়ই মানুষের জন্য পরীক্ষা। সম্পদ, সুস্থতা, পরিবার ও সামাজিক মর্যাদা যেমন পরীক্ষা, তেমনি দারিদ্র্য, অসুস্থতা ও বিপদও পরীক্ষা।

মহান আল্লাহ বলেন, ‘অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলমূলের ক্ষয়ক্ষতির মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।’ (সুরা বাকারা ১৫৫)

এই আয়াত মানুষকে স্মরণ করিয়ে দেয়, জীবনের প্রতিকূলতা আল্লাহর পক্ষ থেকে আসা পরীক্ষার অংশ। তাই বিপদে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করতে হবে। প্রতিটি কঠিন সময় এক সময় শেষ হয়। মুমিনের বিশ্বাস, আল্লাহর সিদ্ধান্তের মধ্যে প্রজ্ঞা রয়েছে।

হতাশা মানুষের মনে এমন ধারণা তৈরি করে, মনে হয়, সামনে আর ভালো কিছু ঘটবে না। অথচ একজন মুমিনের কাছে আল্লাহর রহমতের আশা সব সময় গুরুত্বপূর্ণ। জীবনের সংকট যত গভীরই হোক, আল্লাহর অনুগ্রহ তার চেয়ে অনেক বিস্তৃত।

কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে আমার বান্দারা! যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা জুমার ৫৩)

এই আয়াত মানুষকে নতুন করে আশাবাদী হওয়ার শিক্ষা দেয়। অতীতের ভুল, ব্যর্থতা কিংবা পাপের কারণে নিজের জীবনকে মূল্যহীন মনে করা উচিত নয়। তওবা, ইস্তিগফার ও সৎকর্মের মাধ্যমে মানুষ আল্লাহর দিকে ফিরে আসতে পারে।

জীবনের কঠিন সময় স্থায়ী নয়। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে।’ (সুরা ইনশিরাহ ৫-৬)

এ আয়াত মুমিনকে প্রতিকূলতার মধ্যেও আশাবাদী থাকতে শেখায়। তাই বিপদের সময় ধৈর্য হারানো যাবে না। বরং আল্লাহর কাছে দোয়া করতে হবে, নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যেতে হবে এবং প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করতে হবে।

মানুষ অনেক সময় জীবনে যা হারিয়েছে, তার হিসাব করতে গিয়ে যা পেয়েছে, তা ভুলে যায়। অথচ সুস্থতা, পরিবার, নিরাপদ আশ্রয়, খাবার, উপার্জনের সুযোগ এবং প্রিয় মানুষের সান্নিধ্য আল্লাহর বড় নেয়ামত। এসব নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে মনে প্রশান্তি আসে। মহান আল্লাহ বলেন, ‘তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব।’ (সুরা ইবরাহিম ৭)

তাই জীবনের ছোট ছোট প্রাপ্তির জন্যও আল্লাহর শুকরিয়া আদায় করা জরুরি। পাশাপাশি নিয়মিত নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে।

 

লেখক : ধর্মীয় নিবন্ধকার

সর্বশেষ সর্বাধিক পঠিত