যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটিতে ১৬৪ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের উদ্যোক্তারা। গত অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ১৫৩ কোটি ৩৯ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৯২ শতাংশ। রপ্তানি আয় বেড়েছে ১০ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) দেওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই মাসে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ কমেছিল। তবে পরবর্তী তিন মাসে রপ্তানি প্রবৃদ্ধি দুই অঙ্কে পৌঁছায়। আগস্টে রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ, সেপ্টেম্বরে ১১ দশমিক ৭১ শতাংশ এবং অক্টোবরে ১০ দশমিক ৭২ শতাংশ।

প্রথম চার মাসে যুক্তরাজ্যে গড়ে প্রতি মাসে ৪১ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে মাসিক গড় রপ্তানি আয় ছিল ৩৮ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ মাসিক গড় রপ্তানি আয়ও বেড়েছে।

এদিকে, প্রথম চার মাসে যুক্তরাজ্যে যে পরিমাণ পোশাক রপ্তানি হয়েছে, তা গত ২০২৫-২৬ অর্থবছরে দেশটিতে মোট রপ্তানির প্রায় ৩৭ দশমিক ৪ শতাংশ। গত অর্থবছরে যুক্তরাজ্যে বাংলাদেশের মোট পোশাক রপ্তানি হয়েছিল ৪৩৯ কোটি ডলারের। বাংলাদেশের তৈরি পোশাকের একক দেশভিত্তিক বাজারের তালিকায় যুক্তরাষ্ট্রের পরই যুক্তরাজ্যের অবস্থান। জুলাই-অক্টোবর সময়ে স্পেন ও জার্মানির চেয়েও বেশি পোশাক রপ্তানি হয়েছে দেশটিতে।

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির অন্যতম সুবিধা হলো শুল্কমুক্ত প্রবেশাধিকার। দেশটির ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের (ডিসিটিএস) আওতায় বাংলাদেশ বর্তমানে পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও নির্ধারিত অন্তর্বর্তী সময় শেষে বাংলাদেশ উন্নততর বাণিজ্য সুবিধা বা এনহ্যান্সড প্রেফারেন্সেসের আওতায় থাকবে।

এ সুবিধার ফলে আমদানি করা কাপড় ব্যবহার করে বাংলাদেশে তৈরি পোশাকও এক ধাপের উৎপাদন প্রক্রিয়ার শর্ত পূরণ করে যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে। এতে এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে প্রতিযোগিতামূলক সুবিধা বজায় রাখার সুযোগ থাকবে।

খাতসংশ্লিষ্টদের মতে, এ সুবিধাকে কাজে লাগিয়ে রপ্তানিকারকদের এখন থেকেই উচ্চমূল্যের পোশাক এবং কৃত্রিম তন্তুভিত্তিক পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। কারণ, যুক্তরাজ্যের বাজারে অন্যান্য প্রতিযোগী দেশের সঙ্গে বাণিজ্যিক সুবিধার ব্যবধান কমে এলে বাংলাদেশের প্রতিযোগিতায় টিকে থাকা আরও কঠিন হতে পারে।