দেশে নন-লাইফ ইন্স্যুরেন্স বা সাধারণ বীমা খাতের সম্ভাবনা থাকলেও তা মেরিন, ফায়ার ও মোটরযান বীমার মতো প্রচলিত কয়েকটি পণ্যের মধ্যেই সীমাবদ্ধ। এই ধারা থেকে বেরিয়ে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের অভিঘাত মোকাবিলায় নতুন বীমাপণ্য চালুর উদ্যোগ নিচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ লক্ষ্যে প্যারামেট্রিক ফ্লাড ইন্স্যুরেন্সসহ দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি বীমার বিভিন্ন পণ্য উন্নয়ন, পরীক্ষা ও মানসম্মত করার পরিকল্পনা করছে সংস্থাটি।
গতকাল সোমবার আইডিআরএ কার্যালয়ে ‘শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইন্স্যুরেন্স’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১-এর দুর্যোগ ঝুঁকি অর্থায়ন প্রকল্পের পরিচালক কামরুল হক মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সভাপতি গোলাম মাওলা ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইডিআরএর পরামর্শক (জনসংযোগ) সাদিক আরমান।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, সুযোগ থাকলেও নন-লাইফ ইন্স্যুরেন্স বিভিন্ন কারণে মেরিন, ফায়ার ও মোটরযান বীমার মতো সীমিত কয়েকটি পণ্যের গ-ি থেকে বের হতে পারছে না। অথচ বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন এখন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। দুর্যোগের ঝুঁকির দিক থেকে বাংলাদেশ বিশ্বের ষষ্ঠ ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় রয়েছে। ফলে দেশে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় বীমাপণ্য তৈরির ব্যাপক সুযোগ রয়েছে।
মীর নাদিয়া নিভিন বলেন, বাংলাদেশে বন্যা, তাপপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগ অনেকটা চক্রাকারে ফিরে আসে। প্রায় প্রতি বছরই এসব দুর্যোগের কারণে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সম্মিলিতভাবে প্রায় শূন্য দশমিক ৮ শতাংশ ক্ষতি হয়। এই ক্ষতির বড় অংশের আর্থিক দায় শেষ পর্যন্ত সরকারের ওপর পড়ে। ভর্তুকি, পুনর্বাসন ও পুনর্গঠনে সরকারকে অর্থ ব্যয় করতে হয়। এতে অন্য উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে অর্থ সরিয়ে নিতে হয়, কখনো কোনো প্রকল্প স্থগিতও করতে হয়।
তিনি বলেন, দুর্যোগের এই আর্থিক দায় নিয়মিত সরকারের ওপর থাকলে অর্থনৈতিক ঝুঁকি বাড়ে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দুর্বলতা আরও প্রকট হয়। তাই সরকারের ওপর থাকা দুর্যোগের ঝুঁকি বেসরকারি খাত, বীমা ও পুনঃবীমা খাতে ছড়িয়ে দিতে হবে। এতে ঝুঁকির আর্থিক দায় বহুমুখী হবে এবং দুর্যোগ মোকাবিলায় কার্যকর সাড়া দেওয়া সহজ হবে।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি বীমা বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন সংস্থা, এনজিও ও সরকারি প্রতিষ্ঠান এ ধরনের পণ্য নিয়ে কাজ করছে। এর মধ্যে প্যারামেট্রিক ইন্স্যুরেন্স একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
প্যারামেট্রিক বীমার বিষয়ে তিনি বলেন, যেসব দুর্যোগের সময় ও ধরন সম্পর্কে আগে থেকেই ধারণা করা যায়, সেসব ঝুঁকি বিবেচনায় নিয়ে এ বীমাপণ্য তৈরি করা হয়। নির্দিষ্ট কিছু সূচক বা ট্রিগারের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা থাকে। এর মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
তিনি জানান, বিশ্বব্যাংকের সহায়তায় যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্যারামেট্রিক ইন্স্যুরেন্স নিয়ে তিন বছর মেয়াদি একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির এক বছরের বেশি সময় পার হয়েছে। ইতিমধ্যে এ উদ্যোগ থেকে বেশ কিছু অভিজ্ঞতা ও শিক্ষা পাওয়া যাচ্ছে। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বীমাপণ্যের নকশা, ঝুঁকি নির্ধারণের সূচক বা ট্রিগার এবং তথ্যের উৎস মানসম্মত করতে হবে। বিশ্বব্যাংকের কাছ থেকে পণ্য তৈরির কৌশল শেখার পাশাপাশি আইডিআরএর নিজস্ব সক্ষমতাও গড়ে তুলতে হবে, যাতে বিশ্বব্যাংকের সহায়তা শেষ হলেও এ উদ্যোগ বন্ধ হয়ে না যায়।
তিনি আরও বলেন, প্যারামেট্রিক ফ্লাড ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কোন কোন সূচকের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং কোন উৎস থেকে তথ্য সংগ্রহ করা হবে, তা নির্দিষ্ট করা জরুরি। যমুনা প্রকল্পে পানিসম্পদ বোর্ডের তথ্য ব্যবহার করা হচ্ছে। প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আইডিআরএ এসব পণ্য, ট্রিগার ও তথ্যের উৎসের জন্য অভিন্ন মানদ- তৈরি করবে। কারণ একই ধরনের বীমাপণ্যের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন তথ্যের উৎস ও ট্রিগার ব্যবহার করলে একপর্যায়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে।
নতুন বীমাপণ্য উদ্ভাবনের বিষয়ে তিনি বলেন, আইডিআরএ ইতিমধ্যে একটি রেগুলেটরি স্যান্ডবক্স তৈরি করেছে। এর মাধ্যমে নতুন নতুন বীমাপণ্য পরীক্ষামূলকভাবে চালু ও উদ্ভাবনের সুযোগ তৈরি হবে। প্যারামেট্রিক হিট ইন্স্যুরেন্সসহ জলবায়ু ও দুর্যোগ সংশ্লিষ্ট বিভিন্ন নতুন পণ্য এ স্যান্ডবক্সের আওতায় পরীক্ষা করা হবে। পরীক্ষার মাধ্যমে কার্যকারিতা যাচাই করে পণ্যগুলোকে মানসম্মত করা হবে। এরপর সেগুলো বাজারে চালুর সুযোগ তৈরি হবে।