পূর্বঘোষিত মজুরি বোর্ডের সভা হয়নি

পোশাক শিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের পূর্বঘোষিত সূচি অনুযায়ী গতকাল সোমবারের সভা হঠাৎ করেই স্থগিত ঘোষণা করায় শেষ পর্যন্ত তা আর অনুষ্ঠিত হয়নি। গতকালের ওই সভায় মালিকপক্ষ শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি প্রস্তাব উপস্থাপন করার কথা ছিল।

গতকালই সকালে সভা স্থগিতের নোটিসে বোর্ড সচিব রাইসা আফরোজ জানান, মজুরি বোর্ডের ৩য় সভাটি অনিবার্য কারণবশত আদিষ্ট হয়ে স্থগিত করা হলো। শিগগিরই সভার তারিখ পুনর্নির্ধারণ করে সংশ্লিষ্টদের অবহিত করা হবে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৩৯ ধারা মোতাবেক গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ করতে সোমবার সকাল ১১টায় ওই সভা হওয়ার কথা ছিল। মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিলে এরপর মজুরি পুনর্নির্ধারণের মূল আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হতো।

মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএ পরিচালক এ বি এম শামছুদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, ‘মজুরি বোর্ডের সদস্যদের একটি হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে। সেখানে সকাল সোয়া ৯টার দিকে সভা স্থগিতের বার্তাটি দেওয়া হয়। তখন জানতে পেরেছি। সভা স্থগিত হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, মজুরি বোর্ডের স্থায়ী শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সে কারণে সভা স্থগিত হয়েছে শুনেছি। এর বাইরে আর কোনো কারণ আছে কি না, তা আমার জানা নেই। তিনি বলেন, মজুরি বোর্ড সরকারি প্রতিষ্ঠান। সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। মজুরি প্রস্তাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম।

এদিকে, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার সাংবাদিকদের জানান, সকাল ৮টার দিকে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী তাকে ফোন করে সভা স্থগিতের বিষয়টি অবহিত করেন। আনোয়ার হোসাইনের অসুস্থতা ছাড়াও চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রম অসন্তোষের কারণে সভাটি স্থগিত করা হয়েছে বলে চেয়ারম্যান জানান।

পোশাকশিল্পের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাসের শেষ দিক থেকে আন্দোলন শুরু করেছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। তিনদিন পর ৪ নভেম্বর বোর্ডের ১ম সভা অনুষ্ঠিত হয়। ৮ নভেম্বর বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তৃতীয় সভায় মালিকপক্ষকে ১৬ নভেম্বরের সভায় তাদের প্রস্তাবটি উপস্থাপন করতে নির্দেশ দেওয়া হয়েছিল।

এরই মধ্যে শ্রমিকরা কাজ ফেলে কারখানায় হাজিরা দিয়ে সড়কে নেমে আন্দোলন করতে থাকলে বিজিএমইএ ও বিকেএমইএ গত শনিবার এক জরুরি সভা ডাকে। জানা যায়, ওই যৌথ সভায় কয়েকজন শিল্পমালিক অনানুষ্ঠানিক বৈঠকে বিজিএমইএর সভাপতিকে বলেছেন পরিস্থিতির উন্নতি না হলে যেন মজুরি প্রস্তাব জমা দেওয়া না হয়। কারণ তাদের শঙ্কা, মালিকরা মজুরি প্রস্তাব দিলে সেটিকে কেন্দ্র করে আবারও নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। তখন পরিস্থিতি সামলানো কঠিন হবে। এ জন্য বৈঠকে অংশ নেওয়া শিল্পমালিকরা প্রয়োজনে সরকারের ওপর মহলের সঙ্গে এ নিয়ে কথা বলতে বিজিএমইএ সভাপতিকে অনুরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পর মজুরি প্রস্তাব জমা দেওয়ার পরামর্শ দেন তারা।

ওই সভায় ধারাবাহিক শ্রমিক অসন্তোষে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে তৈরি পোশাকশিল্প মালিকদের প্রতিনিধিত্বকারী দুই সংগঠন। ওখানে সিদ্ধান্ত হয়, আন্দোলনরত শ্রমিকরা কাজে না ফিরলে রবিবার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ওই কারখানাগুলো বন্ধ থাকবে। শ্রমিক অসন্তোষের কারণে কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।

এদিকে, পোশাক শ্রমিকদের আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ইন্ধন দেওয়াসহ অর্থ জোগান দিচ্ছে বলে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই অভিযোগ করা হয়েছে। বর্তমানে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লগি-বৈঠা, লাঠিসোঁটা ও দেশি অস্ত্রসহ বিক্ষোভের কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল রবিবার একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, মালিকরা মজুরি প্রস্তাব দিলে তাতে পরিস্থিতি আরও নাজুক হতে পারে। তখন সেটি নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। ওই গোয়েন্দা প্রতিবেদনের পর গতকাল রাত ৯টার দিকে সরকারের ওপর মহলে মজুরি বোর্ডের আজকের সভাটি স্থগিতের সিদ্ধান্ত হয়। তবে সেটি গোপন রাখা হয়। পরে আজ সকালে মজুরি বোর্ডের পক্ষ থেকে সভা স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।