বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ সহযোগিতার মাধ্যমে দেশের বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করা, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হতে পারে।
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে এডিবির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এডিবির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (ওএমডিপি) প্রধান তাকেও কোইকে।
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়নে দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় শেয়ারবাজারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি খাতের উন্নয়ন ত্বরান্বিত করা এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ বাড়ানো এবং ব্যাংকঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে একটি শক্তিশালী ও বহুমুখী শেয়ারবাজারের বিকল্প নেই। বেসরকারি খাতনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রেও কার্যকর শেয়ারবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমন প্রেক্ষাপটে এডিবির সহযোগিতার আগ্রহকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বৈঠকে বিএসইসি চেয়ারম্যান দেশের শেয়ারবাজারের উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে বর্তমান কমিশনের গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি বেসরকারি খাতের বিকাশে সহায়তা এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে শেয়ারবাজারকে আরও গতিশীল ও কার্যকর করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।