গোপালগঞ্জে ২ হাজার পুলিশ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ২ হাজার পুলিশ সদস্য এবং ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি যৌথভাবে দায়িত্ব পালন করছে। নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, জননিরাপত্তা, সরকারি সম্পত্তি ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে কাজ করছেন। পুলিশের পক্ষ থেকে প্রায় ২ হাজার সদস্য মোতায়েন রয়েছে। মাঠপর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস প্যাট্রলিংসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ পৌরসভাসহ চারটি উপজেলার পৌরসভা ও গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে।

রবিবারের ঘটনায় দায়ের করা মামলাগুলোর আইনগত কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে ডিআইজি বলেন, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সব থানার তথ্য সংগ্রহের পর গ্রেপ্তারের সুনির্দিষ্ট সংখ্যা জানানো সম্ভব হবে। নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হবে না। জনজীবন স্বাভাবিক রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, জেলার টুঙ্গিপাড়ায় প্রায় দুই বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়েছেন দলটির নেতাকর্মীরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে নিষিদ্ধ টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে মিছিল নিয়ে তারা কার্যালয় ও সমাধিসৌধে প্রবেশ করেন। সে সময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সমাধিসৌধে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে একটি মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে তারা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। সে সময় বিভিন্ন সেøাগান দেন তারা। এরপর মিছিল নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রবেশ করে তিনটি গেট খুলে দেন। সেখানে শেখ হাসিনাকে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার শপথ নেন নেতাকর্মীরা। শপথে তারা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিনও তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন।