রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জিএম পদোন্নতি নিয়ে নতুন জটিলতা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১১ এএম

দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে মহাব্যবস্থাপক বা জেনারেল ম্যানেজার (জিএম) পদে পদোন্নতিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি নতুন সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছেন পদোন্নতিকামী উপ-মহাব্যবস্থাপকরা।

গতকাল সোমবার কমিটিপ্রধান বাংলাদেশ ব্যাংক গভর্নর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিবকে দেওয়া চিঠিতে পদোন্নতিকামী উপ-মহাব্যবস্থাপকদের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখকে ভিত্তি ধরে মহাব্যবস্থাপকের শূন্য পদ বিবেচনায় নিয়ে পদোন্নতি দেওয়া হলে পরবর্তী বছরে কোনো শূন্যপদ থাকবে না বিধায় চলতি বছরে যোগ্যতা অর্জনকারী অনেকেই পদোন্নতি থেকে বঞ্চিত হতে হবেন।

চিঠিতে বলা হয়, এফআইডি গত ২১ মে ২০২৬ রাষ্ট্রমালিকানাধীন সব বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো (আইসিবি ছাড়া) মহাব্যবস্থাপক পদে পদোন্নতিযোগ্য উপ-মহাব্যবস্থাপকরা তথ্য চেয়ে পত্র দেয়। এফআইডি’র পত্রে বলা হয়, পদোন্নতিযোগ্য ফিডার পদধারী উপ-মহাব্যবস্থাপকরা (যে সব উপ-মহাব্যবস্থাপক স্বপদে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাসহ ৯ম গ্রেডে ন্যূনতম ১৮ বছর পূর্ণ হয়েছে) পদোন্নতির জন্য বিবেচিত হবেন। ওই পত্রে এফআইডি ২০২৫ সাল পর্যন্ত শূন্য পদে পদোন্নতির কথা জানায়।

তারই ধারাবাহিকতায় চলতি নভেম্বরের ২ তারিখ থেকে তাদের মৌখিক পরীক্ষায় ডাকা শুরু হয়। কিন্তু নভেম্বরের ৫ তারিখে এফআইডি হঠাৎ করেই অন্য একটি পত্রে রাষ্ট্রমালিকানাধীন সব বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত শূন্যপদ সংখ্যা লিখিতভাবে জানাতে নির্দেশ দেয়।

পদোন্নতিকামীরা অভিযোগ করেন, নভেম্বরের ৫ তারিখের নির্দেশ বাস্তবায়িত হলে চলতি বছরে শূন্য হওয়া জিএম পদগুলোও ৩১ ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত যোগ্যতা অর্জনকারীদের মধ্য থেকেই পূরণ করা হবে। এর ফলে, ৩১ ডিসেম্বর ২০২৬-এ যারা যোগ্যতার সব মাপকাঠি পূর্ণ করবেন তারা ২০২৭ সালে পদোন্নতির জন্য কোনো শূন্য পদ পাবেন না। এতে তারা যোগ্যতা অর্জন করেও পদোন্নতির সুযোগ হারাবেন বলে শঙ্কা সৃষ্টি হয়েছে।

এমতাবস্থায়, পদোন্নতিকামীরা হালনাগাদ (৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত) যোগ্যতা অর্জনকারী সব উপ-মহাব্যবস্থাপকের তালিকা প্রকাশ এবং তাদের সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে এফআইডি সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন।

আবেদনকারীদের বক্তব্য, প্রশাসনিক ধারাবাহিকতা ও ন্যায়সংগত পদোন্নতি নিশ্চিত করার স্বার্থে পদোন্নতির ভিত্তি বা শূন্য পদের হিসাব যদি ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সম্প্রসারিত করা হয়, তাহলে ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ফিডার পদে তিন বছরের অভিজ্ঞতা অর্জন করে পদোন্নতির যোগ্যতা পূরণকারী কর্মকর্তাদেরও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

তাদের মতে, পদোন্নতির যোগ্যতা অর্জনের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমার সামান্য ব্যবধানের কারণে কোনো যোগ্য কর্মকর্তাকে পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত করা হলে তা ন্যায়সংগত হবে না। বরং যোগ্যতার ভিত্তিতে সবাইকে সমান সুযোগ দেওয়া প্রশাসনিক স্বচ্ছতা ও ন্যায্যতার স্বার্থে জরুরি।

আবেদনপত্রে আরও বলা হয়েছে, সব যোগ্য কর্মকর্তাকে ভাইভা বা সাক্ষাৎকারে অংশগ্রহণের সমান সুযোগ দেওয়া হলে তা আর্থিক খাতে সুশাসন, স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক হবে। তারা আর্থিক খাতের গুরুত্বপূর্ণ এসব প্রতিষ্ঠানে পদোন্নতি প্রক্রিয়ায় স্বচ্ছতা, সমতা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার দাবি করেছেন।

আবেদনকারীদের একজন দেশ রূপান্তরকে বলেন, শুরু থেকেই যে বছরে পদোন্নতি দেওয়া হয়েছে; যোগ্যতার মাপকাঠি ও শূন্য পদের সংখ্যা তার আগের বছরের শেষ দিবসকে ভিত্তি ধরে করা হয়েছে। কিন্তু এবারই প্রথম যে বছর পদোন্নতি দিচ্ছে সে বছরের শূন্য পদের সংখ্যা চাওয়া হয়েছে। শূন্য পদের সংখ্যা চাওয়া মানেই এ বছরের শূন্য পদগুলো পূরণ হয়ে যাবে এবং আগামী বছর আর ৩১ ডিসেম্বর ২০২৬ ভিত্তিক কোনো শূন্য পদ অবশিষ্ট থাকবে না। এবার শূন্য পদ পূরণ করলে স্বাভাবিকভাবেই পরের বছরে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হবে।

অভিযোগের ব্যাপারে জানতে চাওয়া হলে, পদোন্নতি কমিটি’র সদস্য এফআইডি’র অতিরিক্ত সচিব (কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক অনুবিভাগ) মো. আজিমুদ্দিন বিশ্বাস এনডিসি দেশ রূপান্তরকে বলেন, শূন্য পদের সংখ্যা চাওয়া মানে সব পদ পূরণ করা নয়। পদোন্নতির একটি নীতিমালা আছে। এসিআর, কর্মদক্ষতা, শিক্ষাগত যোগ্যতার সুচকে ৮৫ মার্ক এবং মৌখিক পরীক্ষায় অবশিষ্ট ১৫ মার্ক যারা পূরণ করবে তারাই পদোন্নতি পাবে। সেক্ষেত্রে সর্বশেষ যোগ্যতা অর্জনকারী একজন জুনিয়রও পদোন্নতি পেয়ে যেতে পারে। সিনিয়র হলেই পদোন্নতি পাবে এমন কোনো কথা নেই।

তিনি বলেন, বিভাগীয় শৃঙ্খলাজনিত ইস্যু এবং দুদক বা অন্য কোনো সংস্থায় কোনো অভিযোগ যদি অনিষ্পন্ন থাকে তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তা পদোন্নতির জন্য বিবেচিত হবেন না।

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো কয়েক হাজার অনুমোদিত জিএম ও ডিজিএম পদ রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে এই পদগুলো গুরুত্বপূর্ণ। ঋণ ব্যবস্থাপনা ও ঝুঁকি তদারকি, ঋণ প্রস্তাব যাচাই ও সুপারিশ, খেলাপি ঋণ আদায় কৌশল ও বড় ঋণ তদারকি, মানবসম্পদ নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত বদলি, পদোন্নতি ও জনবল ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিশ্চিত করা, অডিট আপত্তি ও অনিয়ম অনুসরণ, আন্তর্জাতিক বাণিজ্যে এলসি ও বৈদেশিক লেনদেন তদারকি, লেনদেন যাচাই ও ঝুঁকি নিয়ন্ত্রণ, বাজেট, আর্থিক ব্যবস্থাপনা, ব্যয় ও আর্থিক প্রতিবেদন তৈরি এবং আইটি ও ডিজিটাল ব্যাংকিংয়ে প্রযুক্তিগত নীতি ও নিরাপত্তা কার্যকরী করা ও তদারকি করা এ দুটি পদের দায়িত্ব।

সর্বশেষ সর্বাধিক পঠিত