বিশৃঙ্খলা করলেই কঠোর ব্যবস্থা

মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে নিিদ্র্র নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্মৃতিসৌধ ও প্রবেশপথে পর্যাপ্ত সংখ্যক সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।

গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তাবিষয়ক প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বৈঠকে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতা আইন মেনে কঠোরভাবে দমনের  সিদ্ধান্ত হয়। এ ছাড়া বৈঠকে ডিসেম্বর মাসে গুরুত্বপূর্ণ কয়েকটি দিবস নিয়েও আলোচনা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতনরা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান, ডিসেম্বর মাসে এখন পর্যন্ত কোনো হুমকি না থাকলেও বাহিনীগুলো সতর্ক অবস্থানে থাকবে।

সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত জাতীয় কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্ত করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। স্মৃতিসৌধ এলাকায় স্থাপিত সিসি ক্যামেরাগুলো ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত থাকবে। বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে নিিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে।

যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে পুলিশের বিশেষ শাখাসহ (এসবি) সব গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থেকে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশির পাশাপাশি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া বিজয় দিবসে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার মূল সড়ক এবং স্মৃতিসৌধের আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সাভার জাতীয় স্মৃতিসৌধসহ প্রধান অনুষ্ঠানস্থলগুলোয় প্রয়োজনীয় জনবলসহ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।