বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং তার সাবেক স্বামী রমজান আলী মাদবরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই হাফিজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।
আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় গুলিবর্ষণের ঘটনায় ওমর ফারুক শাকিল গুলিবিদ্ধ হন। পরে তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে সিএমএইচ নিয়ে অস্ত্রোপচার করা হয়। পরে ওমর ফারুক শাকিল সুস্থ হয়ে মিরপুর থানায় এ মামলাটি করেন। আসামীদের আদালতে উপস্থিত করা হয়নি। তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চ্যুয়ালি হাজির দেখানো হয়।