উপমহাদেশের প্রগতিশীল রাজনীতির অন্যতম পুরোধা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমৃত্যু নিবেদিত এই রাজনৈতিক ব্যক্তিত্ব ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়।
ব্রিটিশবিরোধী আন্দোলন ও পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে এবং স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা প্রতিটি পর্যায়েই আবদুল হামিদ খান ভাসানী ছিলেন গণমানুষের পক্ষে সোচ্চার।
১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে তিনি এ দলের প্রথম সভাপতি নির্বাচিত হন। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক নীতি, অর্থনৈতিক শোষণ এবং পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক অধিকার হরণের বিরুদ্ধে তিনি শুরু থেকেই সোচ্চার ছিলেন। বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তিনি বাঙালির জাতীয় চেতনার পক্ষে অবস্থান নেন। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগের বিরুদ্ধে যুক্তফ্রন্ট গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠা করেন তিনি। এই দলকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদবিরোধী, সামন্তবাদবিরোধী ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখেন।
আইয়ুব খানের সামরিক শাসনামলে গণতন্ত্র ও স্বায়ত্তশাসনের দাবিতে তিনি আন্দোলন গড়ে তোলেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামরিক শাসনবিরোধী সংগ্রামকে বেগবান করেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন। পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থানকালে তিনি বাংলাদেশের প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তার অনশন কর্মসূচি সাধারণ মানুষের জীবনসংগ্রামের প্রতি তার দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ।
১৯৭৬ সালের ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ের অন্যতম স্মরণীয় ঘটনা। গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় এবং ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবের প্রতিবাদে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের কানসাট অভিমুখে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন তিনি। জাতীয় জীবনে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৭ সালে তাকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার’ এবং ২০০২ সালে ‘একুশে পদক’-এ ভূষিত করা হয়।
টাঙ্গাইলে নানা আয়োজন : আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুদিবস যথাযোগ্য মর্যাদায় পালনে টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যে সন্তোষে মাজার প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘ভাসানী মেলা’। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন মাজার প্রাঙ্গণে সাত দিনব্যাপী ভাসানী মেলাকে কেন্দ্র করে সন্তোষ এলাকায় ভক্ত, অনুসারী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। পাশাপাশি টাঙ্গাইল শহরসহ দেশের বিভিন্ন স্থানে নানা রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে মওলানা ভাসানীর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা এবং স্মরণানুষ্ঠান চলছে। ঢাকায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।