জামালপুরে তীব্র বিচারক সংকটে আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৫টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র চারজন বিচারক। অন্যদিকে জেলা ও দায়রা জজ আদালতেও শূন্য রয়েছে ছয়টি পদ। প্রয়োজনের তুলনায় বিচারক কম থাকায় নির্ধারিত সময়ে মামলার শুনানি ও নিষ্পত্তি সম্ভব হচ্ছে না। ফলে একদিকে যেমন মামলার জট বাড়ছে, অন্যদিকে বছরের পর বছর আদালতে ঘুরেও প্রতিকার না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন বিচারপ্রার্থীরা।
জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১০ সালে আদালতে একটি দেওয়ানি মামলা করেন মাদারগঞ্জ উপজেলার দিনমজুর আইয়ুব আলী। দীর্ঘ ১৬ বছর পেরিয়ে গেলেও মামলাটির কোনো সুরাহা হয়নি। বিচারক সংকটের কারণে বারবার পেছানো হচ্ছে শুনানির তারিখ। এতে একদিকে যেমন তার মামলার খরচ বাড়ছে, অন্যদিকে দীর্ঘায়িত হচ্ছে ন্যায়বিচারের অপেক্ষা।
আইয়ুব আলীর মতো জেলার অসংখ্য বিচারপ্রার্থী প্রতিদিন এমন ভোগান্তির শিকার হচ্ছেন। সিআর ও জিআরসহ বিভিন্ন মামলার শুনানির নির্ধারিত তারিখে দূরদূরান্ত থেকে আদালতে এসেও অনেককে ফিরে যেতে হচ্ছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি তাদের ওপর বাড়ছে মানসিক চাপ।
আদালত সূত্রে জানা গেছে, জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৫ জন বিচারকের স্থলে কর্মরত চারজনকেই সামলাতে হচ্ছে ২১টি আদালতের কার্যক্রম। এ ছাড়া জেলা ও দায়রা জজ আদালতেও ছয়টি পদ শূন্য। বিচারকের এই স্বল্পতার কারণে দুই আদালতে বর্তমানে প্রায় ৫০ হাজার মামলা বিচারাধীন রয়েছে।
জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ জলিল বলেন, গত নভেম্বর থেকে বিচারক সংকট আরও প্রকট হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৫ থেকে ১৬ জন বিচারকের প্রয়োজন হলেও আছেন মাত্র চারজন। স্বল্পসংখ্যক বিচারক দিয়ে বিপুল সংখ্যক মামলার চাপ সামলানো অত্যন্ত কঠিন। এতে বিচারক ও আইনজীবীদের পাশাপাশি সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ বিচারপ্রার্থীরা।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু বলেন, বিচারক সংকটের কারণে বিচারপ্রার্থীদের ভোগান্তির পাশাপাশি মামলার জট বাড়ছে। দ্রুত শূন্য পদগুলো পূরণ করে আদালতের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।