জামায়াত আমির বললেন

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে কী হচ্ছে জাতি জানতে চায়

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংসদে নোটিস দেওয়া হয়েছে। এসব বিষয়ে সংসদে জবাব না পাওয়া গেলে জনগণের আদালতে কথা বলতে হবে।

গতকাল সোমবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জাতি একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। একই সঙ্গে সংগঠনও বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর জন্য কাজ করে যেতে হবে। দলের দায়িত্বশীলদের জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির সেবায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, দেশের কোনো কোনো জায়গায় যা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়। এসব ঘটনা নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক। অনতিবিলম্বে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না এমনটাই দেখতে চায় জাতি।