দোকানে ঢুকে কয়েক প্যাকেট বিস্কুট খেয়ে ফেলেছিল একটি মা-বিড়াল। এতে ক্ষুব্ধ হয়ে ফাঁদ পেতে বিড়ালটিকে আটকে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করেন এক বেকারি দোকানি। এতে ক্ষুব্ধ হয়ে বিচারের দাবিতে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হন স্থানীয় এক প্রাণিপ্রেমী যুবক। বিচারে দোকানিকে ছয় মাস বাজারের সব কুকুর ও বিড়ালের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঘটনাটি ঘটে গত শনিবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি বাজারে। একটি মা-বিড়ালকে হত্যা করেন স্থানীয় বেকারি দোকানি সারোয়ার হোসেন। পরদিন দোকানের সামনে পড়ে থাকতে দেখা যায় বিড়ালটির নিথর দেহ।
রবিবার বিকেলে বিড়াল হত্যার বিচার চেয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু। তার অভিযোগ, গত শুক্রবার রাতে ওই বেকারি দোকানি দোকানে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখেন। রাতের কোনো একসময় খাবারের সন্ধানে গিয়ে ফাঁদে আটকা পড়ে মা-বিড়ালটি। পরদিন সকালে বিড়ালটিকে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়।
তিনি জানান, নিহত বিড়ালটির দুটি ছোট ছানা রয়েছে। মায়ের মৃত্যুর পর ছানা দুটি অসহায় হয়ে পড়েছে। খাবারের সন্ধানে একটি দোকানে ঢোকার কারণে এভাবে একটি প্রাণীকে হত্যা করার বিষয়টি তিনি মেনে নিতে পারছেন না। তিনি এর বিচার চান প্রশাসনের কাছে।
বিচারের মুখোমুখি হয়ে নিজের দোষ স্বীকার করেন দোকানি সারোয়ার হোসেন। তার দাবি, দীর্ঘদিন ধরে দোকান বন্ধ করার পর রাতে বিড়ালটি ঢুকে বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করছিল। এতে অতিষ্ঠ হয়ে তিনি ফাঁদ পেতে রাখেন। সেই ফাঁদে আটকা পড়েই বিড়ালটির মৃত্যু হয়। তবে এটি অন্যায় হয়েছে বুঝতে পেরে তিনি এখন অনুতপ্ত। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলেও অঙ্গীকার করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ আসার পর বিচারপ্রার্থী যুবক ও সংশ্লিষ্ট দোকানদারকে ডেকে পাঠানো হয়। ওই ব্যক্তি নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন। শাস্তি হিসেবে তাকে ছয় মাস ওই বাজারের সব কুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে।’