আন্তর্জাতিক আদালতের মাধ্যমে পাচারের অর্থ আদায়ের ক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকগুলোর নথিপত্রের মান নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে বিদেশি আইনি প্রতিষ্ঠানগুলো।
ঋণসংক্রান্ত নথিপত্র আন্তর্জাতিক আদালতে উপস্থাপনের উপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে সম্পদ পুনরুদ্ধার টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী এ কথা বলেন।
একই সঙ্গে গত দুই বছরে আন্তর্জাতিক আইনি সহায়তা চাওয়া, বিভিন্ন দেশের আইনগত শর্ত পূরণ এবং ঋণ আদায়ের প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে বাংলাদেশ। তবে অর্জিত অভিজ্ঞতাকে বাস্তবে কাজে লাগানো এবং আইনি প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকরী করাই এখন বড় চ্যালেঞ্জ।
ফরহানুল গনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে আইনি সহায়তা নেওয়ার ক্ষেত্রে প্রতিটি দেশের নিয়ম ও শর্ত আলাদা। বিশেষ করে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা এমএলআর (পারস্পরিক আইনি সহায়তার আবেদন) করার ক্ষেত্রে এক দেশের জন্য তৈরি পদ্ধতি অন্য দেশের ক্ষেত্রে একইভাবে কার্যকর হয় না। অর্থাৎ, সব দেশের জন্য একই ধরনের আবেদন বা নথিপত্র ব্যবহার করার সুযোগ নেই। সংশ্লিষ্ট দেশের আইন ও চাহিদা অনুযায়ী আবেদন প্রস্তুত করতে হয়। তিনি বলেন, বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো কোনো বিষয়ে তদন্ত শেষ করার পর অন্য দেশে প্রয়োজনীয় তথ্য বা আইনি সহায়তা চাইতে গেলে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। কোনো দেশের সঙ্গে পারস্পরিক আইনি সহায়তার চুক্তি থাকলে এক দেশের বিচারিক সিদ্ধান্ত বা আইনি নথি অন্য দেশে গ্রহণের বিষয়টিও সহজ হতে পারে।
তিনি আরও বলেন, গত দুই বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ বুঝতে পেরেছে, কীভাবে বিভিন্ন দেশের আইনি চাহিদা অনুযায়ী এমএলআর প্রস্তুত করা যায় এবং কীভাবে দেশের অভ্যন্তরীণ প্রক্রিয়াকে আরও দক্ষ করা সম্ভব। আন্তর্জাতিক বিচারিক এখতিয়ারসম্পন্ন দেশগুলোর নিজস্ব শর্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টিও এখন গুরুত্ব পাচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে দীর্ঘ আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হবে। এ প্রক্রিয়ায় ৫ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে। দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ পুনরুদ্ধারে ৩ থেকে ৫ বছর লাগতে পারে। পাচার হওয়া অর্থ কোন দেশে, কার কাছে এবং কীভাবে স্থানান্তর করা হয়েছে, তা শনাক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আদালতে প্রমাণ করতে হবে যে এসব সম্পদ অবৈধ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘দেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে গঠিত টাস্কফোর্স কাজ করছে। দেশের বড় বড় কয়েকটি করপোরেট গ্রুপ এবং বিশেষ ব্যক্তির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হওয়ার অভিযোগ রয়েছে। এসব অর্থ শনাক্ত করে দেশে ফিরিয়ে আনা কিংবা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাই এ টাস্কফোর্সের মূল লক্ষ্য।