কোন ইউনিয়নে কবে নির্বাচন জানা যাবে বৃহস্পতিবার

নতুন বছরের ২১ জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার নির্বাচন ভবনে ইসির ১৪তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ৫ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে ইসি। প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট নেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে নির্দিষ্ট ইউনিয়নগুলোর নির্বাচনের তারিখ জানা যাবে।

ইসি কমিশনার বলেন, ৫ ধাপের দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার প্রায় ১ হাজার ১১৩টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। পঞ্চম ধাপে তুলনামূলক কম ইউনিয়ন রাখা হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নে নির্বাচন পিছিয়ে যেতে পারে, সেগুলো পরবর্তী সময়ে সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে।

সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের এটা শুরু হবে।