ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে গালাগালি, নিয়োগে চাপ

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের কর্মকর্তা নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেনকে ফোন করে চাপ প্রয়োগ ও গালাগালির অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর পল্টন থানার সাবেক আমির শাহিন আহমেদ খানের বিরুদ্ধে।

ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাহবুব আলম ও সাবেক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) আমিনুর রহমানকে ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক (জিএম) পদে নিয়োগ দিতে তিনি এ চাপ দেন বলে অভিযোগ রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নিয়োগের ভাইভা চলাকালে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়োগের বিষয়ে ব্যাংকের চেয়ারম্যানকে ফোন করেন শাহিন আহমেদ খান। এ সময় পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার পক্ষে অবস্থান নিতে চাপ প্রয়োগের পাশাপাশি তাকে গালাগালিও করা হয়। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন ব্যাংকের চেয়ারম্যান জহির হোসেন।

এ বিষয়ে জহির হোসেন বলেন, সোমবার নিয়োগসংক্রান্ত ভাইভা বোর্ডে দায়িত্ব পালনকালে তাকে ফোন করা হয়। নিয়োগের বিষয়ে চাপ প্রয়োগের একপর্যায়ে অশালীন ভাষায় গালাগালি করা হয়, যা প্রকাশের অযোগ্য। একটি প্রতিষ্ঠানের নিয়োগসংক্রান্ত সিদ্ধান্তে এ ধরনের চাপ ও অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া অনাকাঙ্ক্ষিত। প্রাতিষ্ঠানিক নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই নিয়োগসহ সব সিদ্ধান্ত নেওয়া উচিত। এ ধরনের ঘটনায় দায়িত্বশীল ব্যক্তিদের সম্মান ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

জহির হোসেন জানান, তিনি বিষয়টি গভর্নরকে অবহিত করেছেন। এভাবে চলতে থাকলে তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হবে না বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মাহবুব আলম ও আমিনুর রহমানকে জিএম পদে নিয়োগের বিষয়ে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মহলে তদবির চলছিল। তাদের নিয়োগের সুপারিশ ও তদবিরের পেছনে শাহিন আহমেদ খানের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এর আগেও ব্যাংকের চেয়ারম্যানকে হেনস্তার ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ দায়িত্বে থাকা ব্যক্তিকে এভাবে চাপ ও অসৌজন্যমূলক আচরণের মুখোমুখি হতে হলেও এ বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়ার তথ্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শাহিন আহমেদ খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তাঁকে খুদে বার্তা পাঠানো হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ইসলামী ব্যাংকের মালিকানা সরকারের কাছে চলে যাচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর ব্যাংকটির অভ্যন্তরে অস্থিরতা তৈরি হয়েছে। এর মধ্যে ফাউন্ডেশনের নিয়োগ ঘিরে বাইরের ব্যক্তিদের চাপ প্রয়োগের অভিযোগ ব্যাংকটির প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা ও সুশাসন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ব্যাংকটির আর্থিক অবস্থাও বর্তমানে চাপে রয়েছে। গত নয় মাসে ইসলামী ব্যাংকের নিট লোকসান হয়েছে ৩ হাজার ৩০৩ কোটি টাকা। এর মধ্যে চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকেই লোকসান হয়েছে ১ হাজার ৯৭৬ কোটি টাকা। অথচ ২০২৫ সালের একই সময়ে ব্যাংকটি প্রায় ৭৯ কোটি টাকা মুনাফা করেছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির আর্থিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি হয়েছে।