‘দ্রুততম সময়ের’ মধ্যে মজুরি বোর্ডের সভা চায় বিজিএমইএ-বিকেএমইএ

নোটিশে উল্লেখ করা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় বোর্ডের তৃতীয় সভা ‘অনিবার্য কারণবশত আদিষ্ট’ হয়ে স্থগিত করা হয়েছে।...

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়ায় দ্রুততম সময়ের মধ্যে নতুন সভা ডাকার আহ্বান জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। সোমবার (১৬ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে মালিকপক্ষের এই দুই শীর্ষ সংগঠন জানায়, মজুরি প্রস্তাবনা পেশের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত এবং আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর করতে দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন।

এর আগে এদিন সকালে মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে সভা স্থগিতের বিষয়টি জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় বোর্ডের তৃতীয় সভা ‘অনিবার্য কারণবশত আদিষ্ট’ হয়ে স্থগিত করা হয়েছে এবং শিগগিরই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

যৌথ বিবৃতিতে বিজিএমইএ ও বিকেএমইএ জানায়, ১৬ নভেম্বরের নির্ধারিত সভায় নিম্নতম মজুরি সংক্রান্ত প্রস্তাবনা পেশ করার জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুত ছিল। তবে গণমাধ্যম সূত্রে তারা জানতে পেরেছেন, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের সভাটি স্থগিত করা হয়েছে।

আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ ইতোমধ্যে ঘোষিত রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, মালিকপক্ষ আন্তরিকভাবে আশা করছে যে মজুরি নির্ধারণ প্রক্রিয়াটি দ্রুতগতিতে সম্পন্ন হবে। দ্রুততম সময়ে নতুন মজুরি ঘোষণা করা হলে কারখানা মালিকরা বর্ধিত মজুরি পরিশোধের ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পাবেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিবৃতিতে শ্রমিক প্রতিনিধির দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং অনতিবিলম্বে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত