ভিমরুলের বাসা বাঁচাতে স্বপনের পাহারা

বঙ্গোপসাগরের বুকে নির্জন দ্বীপ চর হেয়ার। চারদিকে সবুজ বন, বিস্তীর্ণ চর, গবাদিপশুর বিচরণ আর নানা প্রজাতির বন্যপ্রাণীর আনাগোনা। আর সেখানেই দ্বীপের একটি গাছের ডালে ঝুলছে বিশাল আকৃতির ভিমরুলের বাসা। দূর থেকে দেখতে প্রকৃতির তৈরি অদ্ভুত এক স্থাপনার মত। এই বাসাকে ঘিরেই বদলে গেছে দ্বীপের বাসিন্দা স্বপন দালালের চিন্তাভাবনা। যে বাসাটি একসময় ভেঙে ফেলার কথা ভেবেছিলেন, এখন সেটি রক্ষায় নিজেই নজরদারি করছেন তিনি। 

এদিকে বাসাটি দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন কৌতূহলী পর্যটকেরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ জীবনে প্রথমবারের মত এত বড় ভিমরুলের বাসা দেখে বিস্ময় প্রকাশ করছেন।

প্রায় ৩০ বছর ধরে চর হেয়ার দ্বীপে বসবাস করছেন স্বপন দালাল। মাছ ধরা, কৃষিকাজ এবং মহিষ,ভেড়া পালন করেই চলত তার জীবিকা। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তার সংসার। তার মত আরও সাত,আটটি পরিবার দ্বীপটিতে বসবাস করে।

স্বপন জানান, প্রায় চার বছর আগে দ্বীপটিতে পর্যটকদের যাতায়াত বাড়তে শুরু করে। তাদের আনাগোনা দেখে তিনি একটি ছোট দোকান চালু করেন। পাশাপাশি পর্যটকদের খাবার ও প্রয়োজনীয় সেবা দেওয়ার ব্যবস্থা করেন। রাতযাপনে আগ্রহীদের জন্য রেখেছেন তাঁবুর ব্যবস্থাও। তার উদ্যোগে শুরু হওয়া একটি দোকান থেকে বর্তমানে দ্বীপে দোকানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়টিতে।

দ্বীপের পরিবর্তন নিয়ে স্বপন দালাল বলেন, ‘আগে জায়গাটি কলাগাছিয়া নামে বেশি পরিচিত ছিল। এখন চর হেয়ার নামেই মানুষ বেশি চেনে। পর্যটকদের যাতায়াত বাড়ায় এখানকার মানুষের জীবনযাত্রাতেও পরিবর্তন এসেছে। স্থানীয় উন্নয়নের জন্য একটি এনজিওর সঙ্গেও কথা বলে কিছু কাজ করিয়েছি।

একসময় দ্বীপটিতে ধান, তরমুজ ও বিভিন্ন ধরনের সবজি চাষ হত। বর্তমানে অধিকাংশ কৃষিজমিতে মাছের ঘের গড়ে উঠেছে। দ্বীপে প্রায় দেড় হাজার মহিষ রয়েছে বলেও জানান তিনি।

আর স্বপন দালালের বাড়ির কাছেই প্রায় চার মাস আগে তৈরি হয় বিশাল আকৃতির ভিমরুলের বাসাটি। এর আগে বনের ভেতরে ছোটখাটো বাসা দেখলেও বসতবাড়ির এত কাছে এমন বড় বাসা কখনো দেখেন নি তিনি।

স্বপন দালাল বলেন, ‘বনের মধ্যে আগে ভিমরুলের বাসা দেখেছি। কিন্তু আমাদের বাড়ির কাছে এত বড় বাসা আগে কখনো দেখিনি। প্রথম দিকে ভেবেছিলাম বাসাটি ভেঙে ফেলব। পরে একজন সাংবাদিক ভাই বুঝিয়েছেন, এটি প্রকৃতিরই অংশ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকারী। এরপর আর বাসাটি ভাঙার কথা ভাবিনি। বরং এখন যেন কেউ বাসাটি নষ্ট করতে না পারে, সেদিকে নজর রাখছি।’

তিনি আরও বলেন, ‘আমার ধারণা, এত বড় বাসার ভেতরে এক থেকে দেড় হাজারের মতো ভিমরুল থাকতে পারে। শহরের অনেক মানুষ আছেন, যারা জীবনে কখনো এত বড় বাসা দেখেননি। এখন অনেক পর্যটক শুধু বাসাটি দেখতেই আসেন। আমরা সবাইকে দূর থেকে দেখতে বলি। বাসার কাছে যেন কেউ না যায়, ঢিল না ছোড়ে কিংবা ভিমরুলকে বিরক্ত না করে, সে বিষয়ে সতর্ক করি। পর্যটকদের নিরাপত্তার জন্য দূরে একটি সতর্কতামূলক সাইনবোর্ড লাগানোর পরিকল্পনাও রয়েছে।

ঢাকা থেকে আসা পর্যটক সোহেল বলেন, ‘ছোটবেলা থেকে ভিমরুলের বাসার কথা অনেক শুনেছি, তবে এত বড় বাসা সরাসরি এই প্রথম দেখলাম। এটি আমার জন্য এক ভিন্ন অভিজ্ঞতা। বাসাটি পর্যটকদের চলাচলের জায়গার কাছাকাছি হওয়ায় সতর্কতামূলক সাইনবোর্ড লাগানো জরুরি।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ভিমরুল এক ধরনের শিকারি পতঙ্গ। এরা সামাজিকভাবে বসবাস করে এবং দলবদ্ধভাবে বাসা তৈরি করে। বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় শিকার করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি প্রকৃতির খাদ্যশৃঙ্খল সচল রাখতেও এদের ভূমিকা রয়েছে।

অধ্যাপক আরও বলেন, একটি পূর্ণাঙ্গ বড় বাসা তৈরি হতে সাধারণত দুই থেকে তিন মাস সময় লাগতে পারে। অনুকূল পরিবেশে বাসার আকার ও কার্যক্রম প্রায় পাঁচ থেকে আট মাস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বাসায় ভিমরুলের সংখ্যা নির্ভর করে প্রজাতি, খাদ্যের প্রাপ্যতা, আবহাওয়া ও বাসার বয়সের ওপর। ছোট বাসায় কয়েক ডজন, মাঝারি বাসায় কয়েকশ এবং বড় ও পরিণত বাসায় কয়েকশ থেকে এক হাজারেরও বেশি ভিমরুল থাকতে পারে।

এ বিষয়ে বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘ভিমরুলের বাসাটি সংরক্ষণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। পর্যটকেরা যাতে নিরাপদ দূরত্ব বজায় রেখে বাসাটি দেখতে পারেন এবং কেউ যেন সেটির ক্ষতি না করেন, সে বিষয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’